হঠাৎ তফসিলে বদলে গেছে চেনা দৃশ্যপট
হঠাৎ করে পৌর নির্বাচনের তফসিল ঘোষণায় পাল্টে গেছে পাবনার ঈশ্বরদী পৌর এলাকার চেনা দৃশ্যপট। মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে আগ্রহী প্রার্থীরা গতকাল বৃহস্পতিবারই নির্বাচনী গণসংযোগে নেমে পড়েছেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তাঁরা মতবিনিময় করছেন।গতকাল তফসিল ঘোষণার খবর পেয়ে ঈশ্বরদী পৌর ও উপজেলা আওয়ামী লীগের মনোনীত মেয়র পদে নির্বাচনে আগ্রহী প্রার্থী আবুল কালাম আজাদ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশলবিনিময় ও আলোচনা করেন। দুপুরের পরপরই নেতা-কর্মীরা ছুটে যান তাঁর হাসপাতাল রোডের বাড়িতে। আবুল কালাম আজাদ গতকাল বিকেল থেকে ঈশ্বরদীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। সন্ধ্যায় পৌর এলাকার ভেলুপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের রিকশা সমিতির একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।দলীয় সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান উপজেলা ও পৌর আওয়ামী লীগের এক সভায় উপস্থিত হয়ে সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদকে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এ ব্যাপারে আবুল কালাম আজাদ জানান, তিনি নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং ঈশ্বরদীর সব শ্রেণী-পেশার মানুষের সঙ্গে পর্যায়ক্রমে দেখা-সাক্ষাৎ করছেন।তবে মেয়র পদে প্রার্থিতা নিয়ে বিএনপিতে কোন্দল রয়েছে। মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী বিএনপির দুই নেতার সমর্থকেরা গতকাল থেকেই নির্বাচনী প্রচারণায় নেমেছেন। বর্তমান মেয়র ও পৌর বিএনপির একাংশের সভাপতি মকলেছুর রহমান গতকাল সারা দিনই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং নির্বাচনে প্রচারণার জন্য জরুরি সভা করার কথা জানান। মকলেছুর রহমান জানান, নির্বাচন করার জন্য তাঁর সব প্রস্তুতি রয়েছে। তিনি গত পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। সেই নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া পিন্টু। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। যুবদলের কর্মী আজম হত্যা মামলায় বর্তমানে পিন্টু পাবনা জেলহাজতে। বর্তমানে পিন্টু পৌর বিএনপির একাংশের সাধারণ সম্পাদক। গত বছর ঈশ্বরদীর একটি দলীয় সভায় পাবনা জেলা বিএনপির (একাংশ) আহ্বায়ক হাবিবুর রহমান মেয়র পদে প্রার্থী হিসেবে পিন্টুর নাম ঘোষণা করেন। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় পিন্টুর সমর্থকেরাও গতকাল নিজেদের মধ্যে দেখা-সাক্ষাৎ করেন। অনেকে পাবনা জেলহাজতে পিন্টুর সঙ্গে দেখা করার জন্য ছুটে যান।এদিকে কাউন্সিলর পদপ্রার্থীরাও গতকাল বিকেল থেকে পাড়ায় পাড়ায় নির্বাচনী গণসংযোগে নেমে পড়েন। কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরা গতকাল দুপুরের পর থেকে ব্যস্ত সময় কাটিয়েছেন। অনেক প্রার্থীকে ভোটারদের মিষ্টি খাওয়াতে দেখা যায়।আক্কেলপুরে উৎসাহ-উদ্দীপনাজয়পুরহাটের আক্কেলপুর পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থী ও পৌরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। গতকাল তফসিল ঘোষণার পরই আগ্রহী প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে সালাম ও কুশলবিনিময় করেন। মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরা হলেন কামরুজ্জামান (বর্তমান মেয়র), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হুদা, পৌর বিএনপির সভাপতি (একাংশ) আলমগীর চৌধুরী। তাঁরা ভোটারদের কাছে গিয়ে পৌর নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানান এবং দোয়া চান। কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরাও একইভাবে দোয়া চান।