বিএনপির লংমার্চের সময় হঠাৎ তিস্তার পানিপ্রবাহ বাড়া ও পরে আবার কমে যাওয়াকে ‘নিচু মানের নাটক’ বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ‘বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনার সভার আয়োজন করে।
অবশ্য এর আগে ২২ এপ্রিল তিস্তা ব্যারাজ অভিমুখে লংমার্চে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক পথসভায় এই পানি বাড়াকে নিজেদের প্রাথমিক সাফল্য হিসেবে দাবি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
গতকালের আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, তাঁদের তিস্তা অভিমুখে লংমার্চের সময় হঠাৎ শোনা গেল তিস্তায় পানি এসেছে। আবার চলে আসার সময় জানা গেল, পানি চলে গেছে। এটি তামাশা ছাড়া কিছু নয়।
মির্জা ফখরুল বলেন, ‘হল-মার্ক, ডেসটিনি, শেয়ারবাজারের কথা মানুষ ভুলে গেছে। যারা বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ করেছে, বিস্ময়ে অবাক হয়ে যাই, মানুষ এত সহনশীল হলো কীভাবে! কেন জানি না, মানুষ সব মুখ বুঝে সহ্য করছে।’ তিনি বলেন, ‘বক্তব্য রাখতে ইচ্ছা করে না। একই কথা বারবার বলতে ইচ্ছা করে না। কার কাছে বলব? বলে কী পাব?’
আলোচনা সভায় অন্যদের মধ্যে আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।