হঠাৎ দেখা অর্কিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাই জাতীয় উদ্যানে ফুটে আছে ছুরি নামের অর্কিড l ছবি: লেখক
কাপ্তাই জাতীয় উদ্যানে ফুটে আছে ছুরি নামের অর্কিড l ছবি: লেখক

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে খুব সকালে পাখি দেখতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে কাপ্তাই-রাঙামাটি সড়ক থেকে সামান্য ভেতরে ঢুকে পড়ি। গিয়ে বসি জঙ্গলের ওপর কেটে ফেলা একটি গাছের গুঁড়িতে। হঠাৎ চোখ আটকে যায় সুন্দর একটি অর্কিড ফুলের ওপর। মনটা ভরে যায়। সকালের রোদে ফুলের পাপড়িগুলো অনেক উজ্জ্বল লাগছিল।
বইপত্র ঘেঁটে এই অর্কিডের কয়েকটি নাম পাওয়া গেল। যেমন ছুরি, লুটি জাহাল্লা ও কন্দরি। চাকমা ভাষায় নাম লুটি জাহাল্লা ও মারমা ভাষায় কন্দরি। ছুরি নামটি ২০০৯ সালে প্রকাশিত উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ বই থেকে নেওয়া।
আমাদের বনজঙ্গলে ১৭৮ প্রজাতির অর্কিড জন্মালেও অধিকাংশ প্রজাতির বাংলা নাম দেওয়া হয়নি। উদ্ভিদবিজ্ঞানীরা তাই এসব অর্কিডের নাম আদিবাসীদের কাছ থেকে সংগ্রহ করছেন।
বৃক্ষের পুরোনো কাণ্ডে জন্মানো পরাশ্রয়ী এই উদ্ভিদের কাণ্ড নরম ও কন্দজাতীয়। চার থেকে ছয় সেন্টিমিটার লম্বা ও পাতা দিয়ে ঢাকা। বিভিন্ন প্রজাতির বুনো বৃক্ষের প্রধান কাণ্ড, শাখা-প্রশাখা ও শৈবাল জন্মানো পাহাড়ের খাদে জন্মায় এই অর্কিড। এর পাতা মোটা, রং ফ্যাকাসে সবুজ। পাতার আগা সমান নয় এবং হালকাভাবে দুই ভাগে বিভক্ত। ফুলের মঞ্জরি ২৫ থেকে ৪৫ সেন্টিমিটার লম্বা। কোনোটি পাতার সমান, কোনোটি পাতা থেকে লম্বা এবং আগা ধনুকের মতো। প্রতিটি ফুলদণ্ডে ১০ থেকে ২৫টি ফুল আড়াআড়িভাবে সাজানো। ফুল অসমান ও ৩ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা। ফুলের রং হলুদ ও গাঢ় বেগুনি। বৃতি হলুদ ও বেগুনি বর্ণের সরু কেন্দ্রীয় বলয়বিশিষ্ট। প্রতিটি বৃতির অংশ কিছুটা ধান কাটার কাঁচির মতো।
ফল আকারে বড়, ক্যাপসিউল, শিরাযুক্ত ও মাকু আকৃতির। ফুল ফোটা শুরু হয় এপ্রিল থেকে জুনের মধ্যে। হালকা উষ্ণ তাপমাত্রায় মধ্যম থেকে উজ্জ্বল আলোয় আচ্ছন্ন পরিবেশে এ অর্কিড ভালো জন্মে। ভারত, চীন, পূর্ব হিমালয়, নেপাল, আন্দামান দ্বীপপুঞ্জ, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, জাভা ও শ্রীলঙ্কায় পাওয়া যায় এটি। বাংলাদেশে বেশি দেখা যায় পাহাড়ি বনে। বিশেষ করে সিলেট, শেরপুর, চট্টগ্রাম, পার্বত্য জেলা ও কক্সবাজারের চিরসবুজ বনে। এর বৈজ্ঞানিক নাম Cymbidium aloifolium। ইংরেজি নাম Aloe-Leafed Cymbidium। এ অর্কিড দূর থেকে বনের মধ্যে আলোর ঝলকানির মতো মনে হয়।
পুরো উদ্ভিদটি ব্যবহার করা হয় জোলাপ (একধরনের কবিরাজি ওষুধ) হিসেবে। চীনারা উদ্ভিদটি শারীরিকভাবে দুর্বল শিশুদের গোসল করাতে ব্যবহার করে থাকেন। বাংলাদেশের তঞ্চঙ্গ্যা ও চাকমা আদিবাসীরা জ্বরের চিকিৎসায় এর বিভিন্ন অংশ ব্যবহার করে থাকেন। ভারতের কয়াস আদিবাসীরা এর শিকড় দিয়ে তৈরি পেস্ট হাড়ভাঙা রোগের চিকিৎসায় ব্যবহার করেন।
বাংলাদেশে যে অর্কিডগুলো জন্মে, সেগুলোর কোনোটি দুর্লভ আবার কোনোটি সুলভ। সুপ্ত কন্দের পাদদেশ থেকে নতুন উদ্ভিদ গজানোর মাধ্যমে বংশ বিস্তার ঘটায়। এর বেড়ে ওঠার জন্য আশ্রয়ী গাছপালাগুলো অধিক হারে কেটে ফেলায় এ অর্কিড এখন হুমকির মুখে।