হঠাৎ দেবে গিয়ে বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় যাত্রীছাউনি ও ছয়টি দোকানসহ প্রায় এক একর এলাকা হঠাৎ করেই বিষখালী নদীতে দেবে বিলীন হয়ে গেছে। গত বুধবার গভীর রাতে বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া এলাকায় আকস্মিক এ ঘটনা ঘটে।আবারও ফাটল দেখা দেওয়ায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশাল এলাকা নদীগর্ভে বিলীন হওয়ায় এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধটিও হুমকির মুখে রয়েছে। বছর খানেক আগেও এমনি একটি ঘটনা ঘটেছিল বলে এলাকার বাসিন্দারা জানান।স্থানীয় ব্যক্তিরা জানান, গত বুধবার রাতের কোনো একসময় বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট বাজারে যাত্রীছাউনি ও ব্যবসায়ী আলমগীর খান, সোবহান মিয়া, মো. হানিফ, শামীম আহম্মেদ, প্রিন্স ও হেলাল হোসেনের দোকানসহ প্রায় এক একর এলাকা নদীতে বিলীন হয়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর জানান, আগের দিন রাতে তাঁরা দোকান বন্ধ করে বাড়ি যান। খুব সকালে খবর পান, তাঁর দোকানসহ আরও বেশ কয়েকটি দোকান নদীগর্ভে চলে গেছে। ব্যবসায়ী সোবহান মিয়া বলেন, ‘জীবনের সব সম্বল হারাইয়্যা এহন পথের ফকির মোরা। এহন কোমনে যামু, বউ-পোলাপান লইয়্যা ক্যামনে বাঁচমু কইতে পারি না।’গত সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙনের তীব্রতা এতটাই বেড়েছে যে বর্তমানে তা নিশানবাড়িয়া এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধটির ১৫-২০ গজ দূরত্বে রয়েছে। আকস্মিক দেবে নদীগর্ভে চলে যাওয়ার পর সেখানে আরও বেশ কিছু অংশে বড় বড় ফাটল ধরেছে। এই ভাঙন রোধ করা না গেলে অচিরেই মূল বন্যানিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে পড়বে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন।নলটোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ বলেন, এক বছর আগেও নিশানবাড়িয়া খেয়াঘাটের প্রায় ২০০ ফুট এলাকা একইভাবে নদীগর্ভে দেবে বিলীন হয়ে যায়। বর্তমানে বন্যানিয়ন্ত্রণ বাঁধটিও ঝুঁকির মধ্যে আছে। এলাকার মানুষ এতে আতঙ্কিত হয়ে পড়েছে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করলেও এ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জহির উদ্দীন আহম্মেদ বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে ক্ষতিগ্রস্ত এলাকাটিতে পাউবোর কোনো প্রকল্প বর্তমানে নেই। সরেজমিনে দেখে এ বিষয়ে ব্যবস্থা নেব।’