হঠাৎ ধর্মঘটে বিপদে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে গতকাল রোববার ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। তাদের ডাকা আকস্মিক ধর্মঘটে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
গত শনিবার বিকেলে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে এ ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
গতকাল সকালে নগরের শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, রাজশাহীর বাইরে বিশেষ করে ঢাকায় যাওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীরা চরম দুর্ভোগে আছেন। তাঁরা বাস না পেয়ে বিকল্প উপায় খুঁজতে থাকেন। কিন্তু বিকেলে ঢাকায় যেতে রাজশাহী থেকে কোনো ট্রেন না থাকায় এই দুর্ভোগ চরম আকার ধারণ করে। যাত্রীদের অনেকে বাড়ি ফিরে যান। আবার কেউবা রাজশাহী নগরেই আত্মীয়স্বজনের বাড়িতে ওঠেন।
ঢাকায় ছেলের বাসায় যাওয়ার উদ্দেশে শিরোইল বাস টার্মিনালে এসেছিলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার আবুল হোসেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলের বউ। নিজেদের মালামালের দুটি বস্তা ও দুটি ব্যাগ একটি বাস কাউন্টারের সামনে রেখে অসহায়ের মতো অপেক্ষা করছিল পরিবারটি।
ক্ষুব্ধ আবুল হোসেন বলেন, ‘নওগাঁ থেকে একটি থ্রি-হুইলার ভাড়া করে রাজশাহীতে এসেছি। এখন শুনি গাড়ি যাবে না। ধর্মঘটের কথা আমরা জানতাম না।’
ধর্মঘটের কারণে বাস না পেয়ে রাজশাহী শহরে এক আত্মীয়ের বাসায় যেতে চেয়েছিলেন আবুল হোসেন। কিন্তু তাঁর স্ত্রী তাতে রাজি হননি। এরপর ধর্মঘট প্রত্যাহারের আশায় দুপুর পর্যন্ত তাঁদের বাস কাউন্টারের সামনেই অপেক্ষা করতে দেখা যায়।
ইসমাইল হোসেনের বাড়ি ঝিনাইদহ, থাকেন ঢাকায়। রাজশাহীতে একজন চিকিৎসকের কাছে তাঁকে নিয়মিত আসতে হয়। বাস না পেয়ে টার্মিনালে তাঁকে বিরক্ত ভাব নিয়ে ঘুরতে দেখা যায়।
কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রওনা হয়েছিলেন মোহনা খাতুন। টার্মিনালে এসে বাস না পেয়ে তিনি আবার বাসায় ফিরে যান। রাজশাহী নগরের এই বাসিন্দা বলেন, ‘কাল (সোমবার) ভর্তি পরীক্ষা। কাল গিয়ে পরীক্ষা ধরতে পারব না, এ জন্য সকালে বের হয়েছিলাম। এখন বাসায় ফিরে যাচ্ছি। বিকেলের ট্রেনে উঠতে পারলে পরীক্ষা দিতে পারব। ভিড় থাকলে আর যেতেই পারব না।’
ধর্মঘটের বিষয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোমিনুল ইসলাম বলেন, প্রশাসনকে বারবার সময়সীমা বেঁধে দেওয়া হলেও কোনো লাভ হয়নি। বরং সড়কে সম্প্রতি আরও অবৈধ ও নিবন্ধনহীন যানবাহন চলাচল বেড়ে গেছে। অবৈধ যান চলাচলের ফলে বাস মালিক ও শ্রমিকদের লোকসান গুনতে হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাও বেড়েছে। এর প্রতিবাদে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত রাজশাহী জেলায় পরিবহন ধর্মঘট চলতে থাকবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল সন্ধ্যার পর রাজশাহী সার্কিট হাউসে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রশাসনের কর্মকর্তারা। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
যোগাযোগ করলে জেলা প্রশাসক মিসবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা আশাবাদী। দেখা যাক, কী হয়!’