হঠাৎ ধসে পড়ল শ্রেণীকক্ষের ছাদ
তখন সকল ১০টা। টিপটিপ বৃষ্টি পড়ছিল। শিক্ষার্থীদের শারীরিক কসরত (অ্যাসেম্বলি) চলছিল বিদ্যালয় চত্বরে। এরই মধ্যে বিকট শব্দে হুড়মুড় করে ধসে পড়ে সৈয়দপুর শহরের নয়াটোলা মহল্লার সৈয়দপুর মুসলিম উচ্চবিদ্যালয় ভবনের একটি শ্রেণীকক্ষের ছাদ। অল্পের জন্য রক্ষা পেল অনেক ছাত্রছাত্রী। গতকাল রোববার ওই ঘটনা ঘটে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল হোসেন জানান, স্কুলের শিক্ষার্থী সংখ্যা ৩৬০। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত স্কুলের ওই ভবন নির্মাণ করা হয় ১৯৫৫ সালে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। ঘটনার সময় স্কুল চত্বরে অ্যাসেম্বলি চলায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা ছিল না। শিক্ষকেরাও স্কুল চত্বরে ছিলেন। তাই অল্পের জন্য রক্ষা পায় অনেক প্রাণ।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজুর রহমান জানান, এ শিক্ষাপ্রতিষ্ঠানে এলাকার গরিব ছাত্রছাত্রী লেখাপড়া করে। কক্ষসংকটের কারণে জরাজীর্ণ শ্রেণীকক্ষেও পাঠদান করাতে বাধ্য হন শিক্ষকেরা। তিনি বলেন, ভবন সংস্কারের জন্য বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লেখালেখি হয়েছে, কিন্তু কাজ হয়নি। আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করে তিনি বলেন, ‘ক্লাস চলাকালে ছাদ ধসে পড়লে অনেক প্রাণহানি ঘটবে।’ অবিলম্বে স্কুলভবন সংস্কারের দাবি জানান তিনি।