হঠাৎ নদীতে ভেঙে পড়ল দোকানগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের পূর্বপাড় বাজারে নদীর পাড়সংলগ্ন উঁচু রাস্তার পাশে সারিবদ্ধভাবে ছিল বেশ কয়েকটি দোকান। এর মধ্যে ১৬টি দোকান হঠাৎ হুড়মুড় শব্দে নদীর পাড়ে পড়ে গেছে। একই সঙ্গে দেবে গেছে অন্য দোকানগুলো।গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ছুটির দিন থাকায় সব দোকানই বন্ধ ছিল। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আকস্মিক এ ঘটনায় বাজারের সব ব্যবসায়ীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, দোকানগুলোর পেছনেই কুশিয়ারা নদী। দুপুর সাড়ে ১২টার দিকে সশব্দে ওই দোকানগুলো পাঁচ ফুট দেবে যায়। এর পরপরই একসঙ্গে সব দোকান ২০ ফুট নিচে নদীর পাড়ে ভেঙে পড়ে। দোকানগুলোর মালিকেরাসহ আশপাশের ব্যবসায়ীরা ঘটনাস্থলে যান এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।ঘটনার পরপরই সরেজমিনে দেখা গেছে, ভেঙে পড়া দোকানগুলো থেকে মালপত্র উদ্ধারের চেষ্টা করছেন ব্যবসায়ীরা। ভেঙে পড়া একটি পোলট্রি দোকানের মালিক লুৎফুর রহমান বলেন, তিনি ওই সময় জুমার নামাজ পড়ার জন্য গিয়েছিলেন। অপর একটি দোকানের মালিক টিপু মিয়া বলেন, সব দোকানেই কমবেশি মালপত্র ছিল। সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ গজ দূরে কুশিয়ারা রেলসেতুর অবস্থান। ঘটনাস্থলসংলগ্ন এলাকার মাটি দেবে যাওয়ায় ওই সেতুটিও ঝুঁকির মুখে রয়েছে বলে স্থানীয় লোকজন আশঙ্কা প্রকাশ করেন।ঘটনাস্থল পরিদর্শন করে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে ঘটনাটি একটি দুর্যোগের মতো লেগেছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। রেলসেতুটি ঝুঁকিতে থাকার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’