হঠাৎ নাছিরের বাসায় মহিউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী গতকাল রাতে অনেকটা আকস্মিকভাবে নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীনের বাসায় যান। সেখানে দুই নেতা একান্তে কিছু সময় কথা বলেন।
তবে মহিউদ্দিনের আগমনের বিষয়টি নাছির আগে থেকে জানতেন না বলে দুই নেতার ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন। দুজনের মধ্যে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও তাঁরা জানান।
দলীয় সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে মহিউদ্দিন চৌধুরী আন্দরকিল্লায় আ জ ম নাছির উদ্দীনের বাসায় যান। তাঁরা একান্তে ১৫-১৬ মিনিট কথা বলেন। আপ্যায়নের পর মহিউদ্দিন চৌধুরীকে গাড়িতে তুলে বিদায় জানান নতুন মেয়র।
দুই নেতার বৈঠকের বিষয়ে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর সাংগঠনিক বিষয় নিয়ে কথাবার্তা হতে পারে। তবে কী কথা হয়েছে, তা জানি না।’
জানতে চাইলে মেয়র নাছির উদ্দীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন ভাই আমাদের নেতা। তিনি এবং আমার বড় ভাবি আপন মামাতো-ফুফাতো ভাইবোন। ওই সূত্রে তিনি আমাদের আত্মীয়।’
একান্তে আলাপের বিষয়ে নাছির উদ্দীন জানান, তাঁদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে আলাপ হয়েছে।