হঠাৎ নিজ কার্যালয় পরিদর্শনে দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ গতকাল বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ কার্যালয় পরিদর্শন করেন। তখন বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করেন তদন্ত কমিটি।
দুদক সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ইকবাল মাহমুদ কমিশনের চতুর্থ ও পঞ্চম তলা পরিদর্শনে বের হন। ওই সময় বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের কর্মস্থলে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারককারী কর্মকর্তারাও তাঁদের অফিসে না থাকার বিষয়টি জানতেন না। সে কারণে চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়টি খতিয়ে দেখতে সংস্থার মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনির চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।
গত বছরের মার্চে দায়িত্ব নিয়েই ইকবাল মাহমুদ প্রায় নিয়মিতভাবে কার্যালয় পরিদর্শন করতেন। ওই সময় বিপুলসংখ্যক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।
সূত্র জানায়, দায়িত্বে অবহেলা, ঠিক সময়ে অফিসে হাজির না হওয়া, যথাসময়ে সভায় হাজির না হওয়া, টেবিলে ফাইল ফেলে রাখা, দরজা খুলে কোথাও চলে যাওয়া ইত্যাদি কারণে শোকজ করেন চেয়ারম্যান। এ ছাড়া নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করা, যথাযথ তথ্যসহ সংশোধিত প্রতিবেদন দাখিল না করা, ফাইল আটকে রাখা, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের হয়রানি করা ইত্যাদি কারণেও শোকজ করা হয়।