হঠাৎ পরিবহন ধর্মঘটে ভোগান্তি
সারা দেশে গতকাল মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই ধর্মঘট শুরু করেছেন পরিবহনশ্রমিকেরা। সকাল ছয়টা থেকে কর্মবিরতির নামে এ ধর্মঘট শুরু হয়। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন মালামাল ও যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় যাত্রীরাও দুর্ভোগে পড়েন।
ঢাকার সাভারে ট্রাক চাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার এক চালকের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এর প্রতিবাদে গতকাল সকাল থেকে এ ধর্মঘট চালু হয়। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে রোববার থেকে শুরু করে সোমবার সন্ধ্যা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট চালান শ্রমিকেরা। এর মধ্যেই গতকাল থেকে পরিবহনশ্রমিকেরা আবার নতুন কর্মসূচি শুরু করেছেন। নতুন করে আবার দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চট্টগ্রাম
গতকাল চট্টগ্রাম নগরের অলংকার মোড় এলাকা ঘুরে দেখা যায়, সেখানে দূরপাল্লার সব ধরনের গাড়ির কাউন্টার বন্ধ ছিল। শুধু স্টার লাইন নামের একটি বাস কাউন্টার খোলা ছিল। কাউন্টারের সামনে অনেক যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
বাসের জন্য অপেক্ষমাণ যুবক তানভীর হায়দার গতকাল দুপুরে বলেন, তিনি বেলা পৌনে ১১টায় অলংকার মোড়ে পৌঁছান। স্টার লাইনে চড়ে তাঁর ফেনী যাওয়ার কথা ছিল। কিন্তু আকস্মিক ধর্মঘটের কারণে দুই ঘণ্টার বেশি অপেক্ষা করেও তিনি গাড়ি পাননি।
অলংকার মোড়ে টেম্পো ও টেম্পোর আদলে চার চাকার গাড়িতে প্রচণ্ড ভিড় দেখা যায়। গাড়িগুলো সীতাকুণ্ড পর্যন্ত যাত্রী পরিবহন করছিল। কেউ কেউ সীতাকুণ্ড পর্যন্ত গিয়ে অন্য গাড়ি চড়ে ফেনী বা নোয়াখালীতে যাচ্ছিলেন।
নগরের বহদ্দারহাট থেকে কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামগামী বাস রাহাত্তারপুল ও কালামিয়া বাজার এলাকায় থামিয়ে যাত্রী নামিয়ে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। সকালে অলংকার মোড়ের অদূরে কর্নেলহাট এলাকায় পরিবহন শ্রমিকেরা জড়ো হয়ে গাড়ি চলাচলে বাধা দেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য বলেন, আকস্মিক ধর্মঘটের মধ্যে কর্নেলহাটসহ কিছু এলাকায় বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটেছে। তবে সব জায়গায় পুলিশ তৎপর ছিল বলে পরিস্থিতির অবনতি হয়নি।
লক্ষ্মীপুর
ধর্মঘটের কারণে সকাল থেকে লক্ষ্মীপুর-রায়পুর, লক্ষ্মীপুর-রামগঞ্জ, লক্ষ্মীপুর-রামগতি ও লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে বাস ও মিনিবাস চলাচল বন্ধ ছিল। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম, ভোলা-বরিশাল, খুলনাসহ সব দূরপাল্লার যানকে রাস্তায় নামতে দেখা যায়নি।
বিকেল পাঁচটার দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মাইক্রোবাসের চালক মো. শফিকুল ইসলাম ১২ জন যাত্রী নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন। মাইক্রোবাসের যাত্রী বেলাল হোসেন জানান, বাস না থাকায় মাইক্রোবাসে দ্বিগুণ ভাড়া দিয়ে তাঁরা চট্টগ্রামে যাচ্ছেন। লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী, মান্দারী বাজারসহ কয়েকটি বাজারে গিয়ে দেখা যায়, বাসের টিকিট কাউন্টারগুলো বন্ধ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের পরীর রাস্তার মাথা এলাকায় দুপুরে অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। বেলা তিনটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে দেখা যায়, দুপুরে মহাসড়কের ডালাস ফিলিং স্টেশন এলাকা থেকে ছোট কুমিরা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে যানজটে বাস তেমন ছিল না। বাসের অপেক্ষায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। অনেক যাত্রীকে মিনি ট্রাকের ছাদে উঠে যেতে দেখা গেছে। এর আগে সকাল আটটা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল করলেও হঠাৎ বাস, মিনিবাস ও লেগুনা চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা পৌনে দুইটার দিকে বিএমএ স্কুলের দশম শ্রেণির ছাত্র বেল্লাল হোসেন বলে, সে কিংবা তার সহপাঠীরা ধর্মঘটের কথা জানত না। রাস্তায় গিয়ে দেখে লেগুনা নেই। পরে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হয়।
নোয়াখালী
নোয়াখালী থেকে গতকাল ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দিনভর শহরের বাসস্ট্যান্ড ও টিকিট কাউন্টারগুলোতে গিয়ে ফিরে আসেন যাত্রীরা। বিকেলেও একই চিত্র দেখা যায়।
জেলা শহরের বাস মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই ধর্মঘট শুরু করেন বাসের মালিক ও শ্রমিকেরা। ফলে শহরের সোনাপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকা, চট্টগ্রাম রুটের কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। একইভাবে নোয়াখালী-ফেনী, নোয়াখালী-কুমিল্লা, মাইজদী-সুবর্ণচর, কানকিরহাট-চট্টগ্রাম, বসুরহাট-ঢাকা, চট্টগ্রাম ও ফেনী রুটের বাসগুলোও বন্ধ আছে। বিকেলে শহরের নতুন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার যাত্রীরা বাসের জন্য কাউন্টারে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।