হঠাৎ পরিবহন ধর্মঘটে লিচুর বাজারে ধস
হঠাৎ পরিবহন ধর্মঘটের কারণে দিনাজপুরে লিচুর বাজারে ধস নেমেছে৷ ব্যবসায়ীরা বলছেন, বাগানমালিকেরা ধর্মঘটের খবর জানেন না। যান চলাচল বন্ধ থাকায় বাইরের জেলাগুলোতে লিচু যাচ্ছে না। এতে দাম কমে গেছে। বাগানমালিক ও ব্যবসায়ীদের লাখ লাখ টাকা ক্ষতি গুনতে হচ্ছে৷
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিক জানান, অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রথম দিন গতকাল রোববার দিনাজপুর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তনগর একতা এবং নীলফামারী থেকে ঢাকাগামী আন্তনগর নীলসাগর ট্রেন দুটির গতকাল সাপ্তাহিক বন্ধের দিন ছিল। এতে দিনাজপুর থেকে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহীসহ বগুড়া শহরের ওপর দিয়ে চলাচলকারী কোনো যানবাহন দিনাজপুর ছেড়ে যায়নি বা জেলায় আসেনি৷ চািষ ও ব্যবসায়ীরা লিচু সরবরাহ করতে পারেননি৷
স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক উদ্যোগের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, কৃষক সমিতির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান আম ও লিচুর মৌসুমে ধর্মঘট না করার জন্য দেশের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন৷
গতকাল সকালে শহরের কালিতলায় লিচুর পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে রিকশাভ্যান, নছিমন, ভটভটিসহ বিভিন্ন যানবাহনে করে ব্যবসায়ী ও বাগানমালিকেরা লিচু নিয়ে আসছেন। বীরগঞ্জ উপজেলার সনকা গ্রামের আবদুস সাত্তার নিজের বাগান থেকে দুটি ভটভটিবোঝাই করে ১০ হাজার লিচু এনেছেন। এসে জানতে পারেন, ধর্মঘট চলছে। ক্রেতা নেই। গত শনিবার প্রতি ১০০ লিচু বিক্রি হয়েছে ৩০০ টাকা দরে। গতকাল সেই লিচু কেউ ২০০ টাকাও বলেনি৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘট মুই জানো না। জানিলে কি আর গাছ থাকি লিচু পাড়ি বেচিবা আনো? ১০ হাজার লিচুত কম করি হইলেও ১০ হাজার টাকা লস হবি৷’
আড়তদার মো. রাহাত হোসেন বলেন, শনিবার মাঝারি মানের ১০০ লিচু বিক্রি হয়েছে ২০০ টাকায়৷ আর ভালো লিচু ৩৮০ টাকায় বিক্রি হয়েছে। পরিবহন ধর্মঘটে লিচুর বাজার পড়ে গেছে। বিক্রি না হলে লিচু পচে যায়৷
আশরাফুল হক নামের আরেকজন আড়তদার বলেন, প্রতিদিন কমপক্ষে পাঁচটি ট্রাক এবং ঢাকা-চট্টগ্রামগামী প্রতিটি বাসের ছাদে ৫০টি খাঁচায় এক লাখ লিচু যায়। এভাবে দিনে-রাতে শতাধিক বাসে প্রায় এক কোটি লিচু দিনাজপুর থেকে অন্য জেলায় যায়। এ ছাড়া ট্রাক, ট্রেন, পিকআপসহ ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন হাজার হাজার লিচু দিনাজপুর থেকে বাইরের জেলাগুলোতে যায়। কিন্তু হঠাৎ পরিবহন ধর্মঘটের কথা অনেকে জানতে পারেননি। গাছ থেকে পেড়ে বাজারে নিয়ে আসা লিচু বাগানমালিক বা ব্যবসায়ীদের পক্ষে ফেরত নিয়ে যাওয়া সম্ভব হবে না। যত কম দামেই হোক, বিক্রি করতেই হবে। এতে লাখ লাখ টাকা ক্ষতি হলেও কিছু করার নেই৷
বিরল মাধবপুর থেকে বাজারে লিচু নিয়ে আসা আবুল কালাম ও শাহ আলম বলেন, আবহাওয়া খারাপ। গাছে লিচু নষ্ট হয়ে ঝরে যাচ্ছে। তার ওপর পরিবহন ধর্মঘটের কারণে যদি লিচু বিক্রি করা না যায় বা দাম পাওয়া না যায়, এর চেয়ে কষ্টের কিছু নেই৷