
কেনাকাটা করতে বেরিয়েছিলেন। কেনাকাটা শেষ করে বাড়ি ফিরে দেখেন শপিং ব্যাগে ১ লাখ টাকা। ব্যাগে থাকা দোকানের নম্বরে ফোন দিয়ে মালিককে খুঁজে বের করলেন। যাচাই-বাছাই শেষে সেই টাকা বুঝিয়ে দিলেন মালিককেই।
গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। লাখ টাকা পেয়েও ফেরত দেওয়া শিক্ষার্থী সুমিয়ারা খাতুন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।
সুমিয়ারা বলেন, গত বুধবার তিনি কেনাকাটা করতে রাজশাহী নগরের সাহেববাজারে যান। সেখান থেকে বেশ কিছু কেনাকাটা করেন। তাঁর হাতে অনেকগুলো ব্যাগ জমে যায়। সেগুলো নিয়ে তিনি তাঁর এক বান্ধবীর বাড়িতে যান। সেখানে বান্ধবীর ছেলের জন্য কেনা জামা বের করতে গিয়ে দেখতে পান, অপর একটি শপিং ব্যাগে ১ লাখ টাকা। অনেক ভেবে তিনি ওই শপিং ব্যাগে থাকা মুঠোফোন নম্বরে ফোন দিয়ে জানতে চান, তাঁদের কিছু হারিয়েছে কি না। তাঁরা জানান, কিছু হারায়নি। কিছুক্ষণ পরেইদোকানের মালিকফোন করে জানান, তাঁদের ১ লাখ টাকা হারিয়েছে। ১০০ ও ৫০০ টাকার কী পরিমাণ নোট ছিল, তা ঠিকভাবে বলতে পারায় দোকানের মালিককে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে আসতে বলা হয়। শিক্ষকদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে গতকাল বেলা ১১টার দিকে মালিকের হাতে টাকাগুলো তুলে দেওয়া হয়।
সুমিয়ারা বলেন, আরডিএ মার্কেটের উষা ফ্যাশনে তিনি কেনাকাটা করেছিলেন। সেখান থেকেই টাকার ব্যাগটি কীভাবে যেন অন্য ব্যাগের সঙ্গে তাঁর কাছে চলে এসেছিল। তিনি বলেন, ‘কারও টাকার প্রতি আমার লোভ নেই। টাকাটা এর মালিকের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল।’
গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টাকা নিতে এসে আশরাফুল আলম বলেন, ‘ওই ম্যাডাম ফোন না করলে হয়তো টাকাটা পেতাম না। আমি তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি নেননি। মানুষ কেমন হওয়া উচিত আমি ওনার কাছে শিখেছি। আমি ওনার কাছে কৃতজ্ঞ।’