হঠাৎ পাটের দরপতন, চাষিরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহের ব্যবধানে ঠাকুরগাঁওয়ের হাটবাজারে পাটের দাম মণপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কমে গেছে। এতে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা বিপাকে পড়েছেন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৮ হাজার ৯১০ হেক্টর জমি। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৯৩ হাজার ৬৮৩ বেল পাট (১ বেল = সাড়ে পাঁচ মণ)। জেলার ৮০ ভাগ জমিতে তোষা জাতের পাট আবাদ করা হচ্ছে। গত সপ্তাহে সদর উপজেলার খোঁচাবাড়ি, বালিয়াডাঙ্গির লাহিড়ি, রানীশংকৈলের নেকমরদ হাটসহ বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

চলতি মৌসুমের শুরুতে প্রতি মণ পাটের দাম ছিল ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা। গত সপ্তাহের শুরুতে প্রতি মণ পাটের দাম ১ হাজার ৮০০ টাকায় নেমে আসে। আর গত মঙ্গলবার ও গতকাল শুক্রবার প্রতিমণ পাট ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয়।

গত রোববার সকালে রানীশংকৈলের নেকমরদহাটে গিয়ে দেখা যায়, কৃষকেরা গরুর গাড়ি, ভটভটি-নছিমন ও রিকশাভ্যানে করে হাটে পাট নিয়ে আসছেন। স্থানীয় কিছু ফড়িয়া কৃষকের সঙ্গে দরদাম করছেন। এখানে প্রতি মণ পাট ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

বালিয়াডাঙ্গির ভানোর গ্রামের কৃষক জয়নুল রহমান বিক্রির জন্য ১২ মণ পাট নিয়ে হাটে এনেছেন। এখানে এসে শোনেন, মণপ্রতি পাটের দাম ৪০০ টাকা কমে গেছে। এ কথা শুনে তিনি হতাশ হয়ে পড়েন। তিনি বলেন, এক বিঘা জমিতে পাট চাষে তাঁর সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকার মতো। এতে উৎপাদন হয়েছে সর্বোচ্চ নয় মণ পাট। বর্তমান দামে বিক্রি করলে কিছুটা লাভ পাওয়া যাবে। তবে দাম আরও কমে গেলে কৃষকদের লাভের মুখ আর দেখা হবে না বলে মন্তব্য করেন তিনি।

সদর উপজেলার দৌলতপুর গ্রামের পাটচাষি জয়ন্ত কুমার বলেন, ‘জমির দাম ও নিজের শ্রমের দাম ধরলে তিন বিঘা জমিতে ছয় থেকে সাত হাজার টেকা গচ্চা যাচ্ছে।’

সদর উপজেলার মাটিগাড়া গ্রামের কৃষক গোবিন্দ রায় বলেন, ‘সরকারের কাছে আমরা পাটের ন্যায্যমূল্য চাই। তা না পেলে ভবিষ্যতে আর পাট চাষ করতে পারব না।’

সদর উপজেলার খোঁচাবাড়িহাটের ব্যবসায়ী বিপুল ঘোষ বলেন, মৌসুমের শুরুতে পাটের যে দাম পাচ্ছিলেন, তা লাভজনকই ছিল। তখন দুই হাজার টাকা পর্যন্ত পাট বিক্রি করতে পেরেছেন। সপ্তাহ দুয়েক পরই তা কমতে থাকে। এখন প্রতিমণ পাট ১ হাজার ৬০০ টাকায় কিনতে হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরশেদ আলী বলেন, মৌসুমের শুরুতে কৃষকেরা পাটের দাম বেশ ভালো পেয়েছিলেন। কিন্তু তা পরে কিছুটা কমে গিয়েছে। এবার হেক্টরপ্রতি পাটের ফলন হচ্ছে গড়ে ১০ বেল। এ হিসাবে কৃষকের লোকসান হওয়ার কথা নয়।