হঠাৎ পানিতে ডুবে গেল কাপাসগোলা
প্রতিদিনের মতো ফজরের আজানের পর ঘুম থেকে ওঠেন কাপাসগোলা ওদুল লেনের বাসিন্দা আবদুল আলিম। বিছানা থেকে পা মেঝেতে রেখেই হতভম্ব হয়ে যান তিনি। সারা ঘরে পানি। অনুসন্ধানে বুঝতে পারেন, রাস্তা থেকে দরজার নিচ দিয়ে তাঁর পুরো বাড়িতে পানি ঢুকেছে।
গত রোববার গভীর রাতে কাপাসগোলা জামতলা মসজিদের কাছে ওয়াসার পাইপলাইন ফেটে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় ওই এলাকার বাসিন্দা ও যাত্রী সাধারণের। রাস্তায় হাঁটুপানি জমে যাওয়ার পাশাপাশি দোকান ও একতলা বাড়িগুলোতেও পানি ঢুকে পড়ে। রাত আনুমানিক আড়াইটার দিকে পানির পাইপলাইন ফেটে যায় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। মেয়াদোত্তীর্ণ হয়ে পাইপলাইনটি পুরোনো হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ওয়াসা জানায়।
নগরজুড়ে ওয়াসার ৬৭৩ কিলোমিটার পাইপলাইনের ৩০ শতাংশই ৪০ বছর বা তার বেশি পুরোনো বলে ওয়াসা সূত্রে জানা গেছে। পুরোনো হয়ে যাওয়ায় পাইপলাইন ফেটে যাওয়া বা ছিদ্র হওয়ার ঘটনা হরহামেশাই ঘটছে। কিছুদিন আগে এই কাপাসগোলাতেই পাইপলাইন ছিদ্র হয়ে রাস্তায় পানি জমে যাওয়ার ঘটনা ঘটেছিল।
গতকাল সোমবার কাপাসগোলায় গিয়ে দেখা গেছে, শাহ আমানত ব্যাটারি হাউসের সীমানা দেয়ালও পানির তোড়ে ভেঙে যায়। পানির স্রোতে জামতলা মসজিদ থেকে কাপাসগোলা বড় গ্যারেজ পর্যন্ত আধা কিলোমিটার এলাকা ডুবে যায়। এ রাস্তার দুই পাশে কাঠ ও ব্যাটারির সারি সারি দোকান রয়েছে। পানিতে এসব দোকানের মালামাল ডুবে গেছে। এ ছাড়া বসতবাড়িতে পানি উঠে যাওয়ায় অনেকের আসবাব ভিজে গেছে।
খবর পেয়ে গতকাল সকালে পাইপলাইন মেরামতের কাজ শুরু করেছে ওয়াসা। এদিকে মেরামতের কাজের জন্য পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।
আলেয়া পারভীন নামের একজন বাসিন্দা জানান, পূর্বপ্রস্তুতি ছাড়া পানি বন্ধ করে দেওয়ায় রান্না করা পর্যন্ত সম্ভব হয়নি।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী আবদুল করিম বলেন, পুরোনো পাইপলাইনগুলো প্রয়োজনমতো মেরামত করে কাজ চালানো হচ্ছে। এগুলোকে পুনস্থাপন করা ব্যয়বহুল। তবুও এ বিষয়ে ওয়াসার পরিকল্পনা আছে। বিশেষ করে মদুনাঘাট প্রকল্প ও কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন করার সময় পুরোনো পাইপলাইনগুলো বদলে ফেলার চিন্তাভাবনা রয়েছে ওয়াসার।