ফিরেই বরখাস্ত খিলক্ষেতের ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার নিয়ে গোপনে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া রাজধানীর খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন হঠাৎ দেশে ফিরে এসেছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় তিনি কর্মস্থল রাজধানীর খিলক্ষেত থানায় যোগ দিতে যান। তবে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কর্তৃপক্ষকে না জানিয়ে গত ১৫ ডিসেম্বর দুপুরে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে শামীম হোসেন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। তবে এর দুদিন পরে (১৭ ডিসেম্বর) মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়, তিনি অসুস্থতাজনিত ছুটির আবেদন করেছেন। এরপর থেকে তিনি অনুপস্থিত ছিলেন। ওসির হঠাৎ ফিরে আসা প্রসঙ্গে জানতে চাইলে রাতে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের উপকমিশনার (প্রশাসন) মো. আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, দুদিন আগে শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কোথায় গিয়েছিলেন সে বিষয়ে গুলশান বিভাগ তদন্ত করছে।