হঠাৎ বন্যায় শিবচরের কৃষকদের মাথায় হাত
মেয়ে জোসনা বেগমের নামে একটি প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে একমাত্র সম্বল তিন বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন বাঁশকান্দি ইউনিয়নের হাকিম মোল্লা। কিন্তু হঠাৎ পানি এসে আধাপাকা সব ধান ভাসিয়ে নিয়ে গেছে। ধানখেতের ওপর এখন নৌকা চলে। ধান কাটার আর কোনো পথ নেই। অথচ এই ধানে তাঁর সারা বছর চলত। পরিশোধ করতেন ঋণের টাকা। এখন কীভাবে চলবে তাঁর সংসার, আর কীভাবেই বা শোধ করবেন ঋণ—এ চিন্তায় হতাশ হাকিম মোল্লা সকাল-বিকেল শুধু তলিয়ে যাওয়া ধানখেতের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। শনিবার বিকেলে তলিয়ে যাওয়া খেতের দিকে তাকিয়ে বলছিলেন, ‘আমার তো বেবাক ফুরাইয়া গেছে। আমি এহন কেমনে বাঁচমু?’ শুধু হাকিম মোল্লাই নন, এরকম বুকফাটা আর্তনাদ চলছে মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মাবেষ্টিত চারটি ইউনিয়নের কয়েক হাজার কৃষক পরিবারে। বেশির ভাগ কৃষক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ধানের আবাদ করেছিলেন। সরেজমিনে ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৪৫ হাজার বিঘা জমিতে বোরোর আবাদ হয়েছে। গত বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত উজান থেকে নেমে আসা ঢলে ও জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে চরজানাজাত, কাঁঠালবাড়ি, মাদবরচর ও বন্দরখোলা ইউনিয়নের ১০ হাজার কৃষকের ১২ হাজার বিঘার বোরো ও আড়াই হাজার বিঘার বাদাম তলিয়ে গেছে। এ ছাড়া দওপাড়া, শিরুয়াইল, সন্ন্যাসীরচর, নিলখী ও বাঁশকান্দি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় তিন হাজার বিঘা জমির আধাপাকা ধান ও প্রায় দুই হাজার ২০০ বিঘার বাদাম তলিয়ে গেছে। একদিকে ফসল হারানোর ব্যথা, অন্যদিকে ব্যাংক ও বেসরকারি সংস্থা থেকে নেওয়া ঋণ পরিশোধের চিন্তায় উদ্বিগ্ন ঋণগ্রস্ত কৃষকেরা।বাঁশকান্দির শিক্ষক আবুল বাসার মুন্সি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় ৯৫ শতাংশ কৃষকই ঋণের টাকায় ধান চাষ করেছেন। তাঁদের এত বড় ক্ষতি হওয়ায় এখন ঋণের টাকা শোধ করতে আবার ঋণ করতে হবে। চরজানাজাত ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান সরকার বলেন, ফসল হারিয়ে ও ঋণের টাকা পরিশোধের চিন্তায় কৃষকের ঘরে ঘরে এখন কান্নার রোল।উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, শিবচরের বেশির ভাগ কৃষক দরিদ্র। তাঁরা ঋণ নিয়ে ফসল ফলান। হঠাৎ পানি আসায় এ ক্ষয়ক্ষতি তাঁদের জন্য চরম সংকট বয়ে নিয়ে আসবে। এ বছর স্থানীয়ভাবে খাদ্য সংকট দেখা দিতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।