হঠাৎ বসে গেল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া ও আড়ানী সড়কের পকেটখালী এলাকায় একটি সেতুর পাশ থেকে প্রায় সাত ফুট রাস্তা বসে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এর পর থেকে বাঘার আড়ানী ও পুঠিয়া উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বেলা ১১টার দিকে একটি ভারী মালবাহী ট্রাক পার হওয়ার পরই সড়কটি বসে যায়। এরপর আড়ানী বাসস্ট্যান্ড থেকে আধা ঘণ্টা পর পর আড়ানী-রাজশাহী-নাটোরগামী বাসসহ সিএনজিচালিত রিকশা, অটোরিকশা, ভটভটি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাঘা, বাগাতিপাড়া, চারঘাট, পুঠিয়া উপজেলার মধ্যে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েন।
বাগাতিপাড়া উপজেলার হাপানিয়া গ্রামের মিনাজুল ইসলাম বলেন, চারঘাট উপজেলার নিমপাড়া এলাকার বিল থেকে বর্ষা মৌসুমে পানিনিষ্কাশনের জন্য একটি নালার ওপরে গত পাঁচ বছর আগে এই সেতু নির্মাণ করা হয়।
আড়ানী বাসস্ট্যান্ডে রাজশাহীগামী যাত্রী বাউসা গ্রামের আমিরুল ইসলাম স্ত্রী ও দুই ছেলে নিয়ে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, সপরিবারে তিনি রাজশাহী যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। এখন আর কোনো দিকে যাওয়ার রাস্তা পাচ্ছেন না।
আড়ানী বাসস্ট্যান্ডের চেইন মাস্টার রফিকুল ইসলাম বলেন, দ্রুত এই রাস্তা মেরামত করা না হলে বিভিন্ন পরিবহনব্যবস্থার সঙ্গে জড়িত শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়বেন। তিনি দ্রুত সড়কটি মেরামতের দাবি জানান।
এদিকে ভাঙন দেখতে গিয়ে লোকের ভিড়ে গর্তে পড়ে স্থানীয় হাঁপানিয়া গ্রামের বাবু, তুফান, সেলিম, রিপন, মমিন আহত হন। বিকেল পাঁচটা পর্যন্ত রাস্তাটি মেরামত করা হয়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে স্থানীয় জামনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু দাস বলেন, ভেতরে ভেতরে ইঁদুর গর্ত করায় রাস্তাটি ট্রাকের চাপে ভেঙে পড়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।