হঠাৎ বাদ হাওলাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু
জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদ থেকে হঠাৎ করেই ছিটকে পড়লেন এ বি এম রুহুল আমিন হাওলাদার। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন এইচ এম এরশাদ। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ নিয়োগের কথা জানান।
বিজ্ঞপ্তিতে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের সই আছে। এ বিষয়ে জানতে চাইলে এরশাদের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এ বিজ্ঞপ্তির সত্যতা ও মহাসচিব পদে রদবদলের কথা স্বীকার করেন।
এ বি এম রুহুল আমিন হাওলাদার এক যুগ ধরে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানতে চাইলে রুহুল আমিন হাওলাদার গতকাল রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমাকে এই পদ থেকে সরানোর জন্য দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদের হিসাব চাওয়াসহ নানা নাটক সাজানো হয়। দলের একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত। তাঁরাই এটি করেছেন।’
দলের চেয়ারম্যানের ওপর চাপ প্রয়োগ করে মহাসচিব পদে পরিবর্তন আনা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে রুহুল আমিন বলেন, ‘আমার তো মনে হয় তাই। এ বিষয়ে আমি আনুষ্ঠানিক বক্তব্য দেব।’
বিজ্ঞপ্তিতে জিয়াউদ্দিন আহম্মেদকে উদ্দেশ করে এরশাদ লেখেন, ‘আপনার অবগতির জন্য জানাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ দলের কর্মকাণ্ডে আপনার উল্লেখযোগ্য ভূমিকা এবং দলকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনার কার্যক্রমের স্বীকৃতি হিসেবে পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারার বিধান মোতাবেক আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মুঠোফোনে যোগাযোগ করলে রাত সাড়ে আটটার দিকে জিয়াউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘জাপার মহাসচিব হিসেবে চেয়ারম্যান আমাকে দায়িত্ব দিয়েছেন, বিষয়টি শুনেছি।’ এর আগে তিনি দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
অবশ্য এরশাদ যখন গণমাধ্যমে এ বিজ্ঞপ্তি পাঠিয়ে জাপার নতুন মহাসচিব নিয়োগ দেন, তখন পর্যন্ত দলের দায়িত্বরত মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ খবর জানতেন না। তিনি তখন জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ছিলেন।
জাপার সভাপতিমণ্ডলীর একজন সদস্য গত রাতে প্রথম আলোকে বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে এরশাদ যখন সিএমএইচে যান, তখন রওশন এরশাদের নেতৃত্বে আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহম্মেদ নির্বাচনে থেকে যেতে মুখ্য ভূমিকা পালন করেন। এখন তাঁকেই মহাসচিব করা হলো।