হঠাৎ বাড়তি বিলের চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের বেশ কিছু এলাকায় গ্রাহকদের বিদ্যুৎ বিল হঠাৎ বেড়ে গেছে। বিল-রিডাররা মিটার না দেখে মনগড়া বিল দিতেন। এখন নতুন পদ্ধতিতে মিটারের ছবি তুলে বিল করার কারণে বিল অনেক বেশি আসছে বলে গ্রাহকেরা অভিযোগ করেছেন।
রংপুর শহরের ধাপ, মুন্সিপাড়া, কেরানীপাড়া, মুলাটোল, শালবন, নিউ সেনপাড়া, কটকিপাড়া, গোমস্তাপাড়া, পাকপাড়াসহ বিভিন্ন এলাকার একাধিক বাসিন্দার অভিযোগ, বিল-রিডাররা বাড়ি বাড়ি গিয়ে মিটার না দেখে অফিসে বসেই মনগড়া বিল তৈরি করে তা পরিশোধের জন্য গ্রাহকদের দিতেন। প্রতি মাসে একটা গড় বিল দেওয়া হতো।
ভোগান্তির শিকার শহরের মুলাটোল এলাকার আব্দুল খালেক নামের এক গ্রাহক অভিযোগ করে বলেন, আগস্টে তিনি ৪৪৭ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। সেপ্টেম্বরে তাঁর বিল এসেছে ৩ হাজার ৬৭ টাকা। আগস্ট মাসের চেয়ে যা প্রায় ৭ গুণ বেশি। এত টাকা বিদ্যুৎ বিল আশায় তিনি বিপাকে পড়েছেন।
শহরের মুন্সিপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকেন অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু। তিনি আগস্ট মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন এক হাজার ৬২২ টাকা। কিন্তু সেপ্টেম্বরে তা দেড় গুণ বেড়ে হয়েছে ২ হাজার ৫৫৬ টাকা। তিনি বলেন, শুধু আগস্ট নয়, এর আগের মাসগুলোতে বিদ্যুৎ বিল ১ হাজার ৪০০ থেকে শুরু করে এক হাজার ৫০০ টাকার মধ্যে ছিল।
গ্রাহকেরা আরও অভিযোগ করেছেন, তাঁদের এক থেকে তিন দিনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলা হয়। মুলাটোল এলাকার আরেক বাসিন্দা জাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ বিলের টাকা পরিশোধের শেষ তারিখ যেদিন, ঠিক তার আগের দিন বিকেলে বিলের কাগজ তাঁর বাড়িতে দেওয়া হয়েছে। তিনি নিয়মিত ব্যাংকে টাকা পরিশোধ করেন। কিন্তু জরুরি কাজে রংপুরের বাইরে থাকায় তা সম্ভব হয়নি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্তুজা বলেন, নতুন বিল পদ্ধতি চালু হয়েছে। মিটারে থাকা বিদ্যুতের ইউনিটের ছবি তুলে বিল করায় বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত চিত্র উঠে আসছে। তিনি আরও বলেন, যেসব এলাকায় বিল-রিডাররা ব্যবহৃত প্রকৃত ইউনিট ধরে ইতিপূর্বে বিল করেননি। সেসব জায়গায় এ ধরনের ঘটনা বেশি ঘটছে। তবে এসব সমস্যা নিয়ে যাঁরা যোগাযোগ করছেন, তাঁদের বিল কিস্তির মাধ্যমে পরিশোধ করার ব্যবস্থা করা হচ্ছে।