রাজধানীর কাঁচা-বাজারে গত সপ্তাহে যাঁরা সবজি কিনে স্বস্তি পেয়েছেন, গতকাল শুক্রবার তাঁরা দাম শুনে হোঁচট খেয়েছেন। কারণ, কয়েক সপ্তাহ ধরে কমতে থাকা সবজির দাম হঠাৎ করে বেড়ে গেছে।
এক সপ্তাহ আগে শীতকালীন বেশির ভাগ সবজির দাম প্রতি কেজি ১৫ থেকে ২৫ টাকায় পাওয়া গেলেও গতকাল দেখা গেল, দাম বেড়ে হয়েছে ২৫ থেকে ৫০ টাকা। বাজারে গ্রীষ্মকালীন সবজিও আসতে শুরু করেছে।
গতকাল প্রতি কেজি শসা, শিম ও টমেটো ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হয়েছে। তবে কোনো কোনো বিক্রেতা ২৫ টাকায়ও টমেটো (কিছুটা নরম) বিক্রি করেন। বেগুন বিক্রি হয়েছে মানভেদে ৩৫ থেকে ৫০ টাকা কেজি। করলার কেজি ৮০ থেকে ১০০ টাকা। মুলা, শালগম ও গাজরের দাম প্রতি কেজিতে ১০ থেকে বেড়ে ২০-২৫ টাকা হয়েছে। আলু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। কাঁচামরিচের কেজি ৬০ থেকে ৮০ টাকা।
এ ছাড়া প্রতিটি ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ২০ টাকা, বড় আকারের মিষ্টিকুমড়া ৮০ থেকে ১০০ টাকা এবং বড় আকারের লাউ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। গ্রীষ্মকালীন সবজির মধ্যে ঝিঙা, চিচিঙ্গা, বরবটি ও পটোল ৮০ টাকা এবং ঢ্যাঁড়স ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতারা বলছেন, সবজির দাম বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো কারসাজি নেই। পাইকারি বাজারে সবজি কম বলে তাঁদেরও বেশি দামে কিনতে হচ্ছে। সে কারণে তাঁরাও ক্রেতাদের কাছ থেকে বেশি দাম রাখছেন।
হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের কথা-কাটাকাটি হতেও দেখা গেছে। বেলা সাড়ে ১১টার দিকে রামপুরা বাজারে দেখা গেল টমেটোর দাম নিয়ে বিক্রেতার সঙ্গে ক্রেতার কথা-কাটাকাটি হচ্ছে। বিক্রেতার উদ্দেশে এক ক্রেতা বলছেন, ‘গত শুক্রবার ১৫ টাকা করে টমেটো নিয়া গেলাম, কী এমন হইল যে এখন ৩০ টাকা বেচছ?’
সবজির দামের উল্টো অবস্থা মুরগি ও ডিমের ক্ষেত্রে। এ দুটির দাম গত সপ্তাহের চেয়ে কমেছে। ব্রয়লার মুরগি কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ১৪০ টাকা এবং লেয়ার মুরগি ১০ টাকা কমে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। ফার্মের ডিমের দাম হালিতে দুই টাকা কমে বিক্রি হচ্ছে ২৮ টাকায়। হাঁসের ডিমের হালি ৩৮ টাকা।
মুরগি ও ডিম বিক্রেতারা জানান, শীতের সময়ে খামারে মুরগি পালন কমে যায়। অন্যদিকে নানা অনুষ্ঠানের কারণে চাহিদা বেড়ে যায়। সরবরাহ ও চাহিদার ব্যবধান থাকায় দামও বাড়ে। তাই এত দিন দাম বেশি ছিল। এখন শীতের শেষে মুরগি পালন বেড়েছে, চাহিদাও কিছু কমেছে। ফলে দাম কমেছে।
বাজারে আদার দাম বেড়েছে। প্রতি কেজি চীনা আদা ২০ টাকা বেড়ে ১৬০ টাকা, ইন্দোনেশিয়ার আদা ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজের বাজার। এক কেজি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। চীনা রসুন ৭০ ও দেশি নতুন রসুন পাঁচ টাকা কমে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে চালের দাম এখনো চড়া। মানভেদে প্রতি কেজি নাজিরশাইল ৫২ থেকে ৫৫ টাকা, মিনিকেট ৪৮ থেকে ৫০, লতা ৩৮ থেকে ৪০ এবং স্বর্ণা (মোটা চাল) ৩৪ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।