কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতির (সিটিএমএস) সার্ভার গতকাল সোমবার বেলা পৌনে দুইটা থেকে হঠাৎ বিকল হয়ে পড়ে। এর পর থেকে এই পদ্ধতির আওতায় কনটেইনার পরিচালনসংক্রান্ত সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি সামাল দিতে বিকেল পাঁচটা থেকে সনাতন পদ্ধতিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু হয়। সিটিএমএসের আওতায় কনটেইনার ব্যবস্থাপনায় সব ধরনের দালিলিক কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়। এই পদ্ধতি অচল হলে অনলাইনে দালিলিক কার্যক্রমও বন্ধ থাকে। ফলে এ সময় বন্দরে জাহাজে কনটেইনার ওঠানো-নামানো, সরবরাহ, স্থানান্তরসহ সংশ্লিষ্ট কার্যক্রমও বন্ধ রাখতে হয়। জানতে চাইলে বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল রাত আটটায় প্রথম আলোকে বলেন, এখন কনটেইনার ব্যবস্থাপনার কাজ সনাতন পদ্ধতিতে চলছে। শিগগিরই সার্ভার সচল করে স্বয়ংক্রিয় পদ্ধতির কাজ শুরু হবে।