হঠাৎ বিচ্ছিন্ন ট্রেনের ৫ বগি, পাঁচজন নিহত, আহত ১৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গতকাল বৃহস্পতিবার ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। তেলের ট্যাংকারবাহী একটি ট্রেনের পেছনের পাঁচটি বগি সামনের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চালক তৎক্ষণাৎ ট্রেনের ইঞ্জিন থামিয়ে ফেলায় পেছনের বিচ্ছিন্ন বগিগুলো সামনের অংশের সঙ্গে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকের ছেলে জুয়েল (১৪), জয়পুরহাটের পুরানাপৈল এলাকার সাদেকুল, সদরের খঞ্জনপুর এলাকার আজাহার আলী, দিনাজপুরের হিলির হৃদয় (১৮)। আহত ব্যক্তিদের জয়পুরহাট জেলা হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলের ট্যাংকারবাহী ট্রেনটি পাঁচবিবির খাসবাগুড়ি এলাকায় পৌঁছার পর হঠাৎ পেছনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পেছনের বগিতে থাকা গার্ড বিষয়টি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে ট্রেনের চালককে জানান। চালক তখনই ইঞ্জিন বন্ধ করে ট্রেনটি থামিয়ে ফেলেন। এতে পেছনের বিচ্ছিন্ন বগিগুলো সজোরে সামনের অংশের সঙ্গে ধাক্কা খায়। ট্যাংকারগুলোর বগির ফাঁকে এবং পাশে বসে থাকা লোকজন ছিটকে লাইনের ওপর ও পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দ্বিখণ্ডিত হয়ে মারা যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকের ছেলে জুয়েল (১৪)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে মারা যান তিনজন।
আহত ব্যক্তিদের মধ্যে সাদেক, রবিউল ইসলাম, আবদুল মজিদ, সেকেন্দার, হৃদয়, আজাহার শেখ, ইমরান, রাজিয়া, বাবু, বাদল, সোহেল, বাচ্চু, খালেক, আবুজার শেখসহ ১৬ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে মারা যান একজন। প্রত্যক্ষদর্শী মো. মিনার ও বেলাল জানান, দুর্ঘটনার পরপরই বগিগুলো আবার সংযোজন করে দ্রুত চলে যায় ট্রেনটি।
হাসপাতালে চিকিৎসাধীন সোহেল হোসেন জানান, তেলের ট্যাংকারবাহী ট্রেনে চড়ে তিনিসহ আরও অনেকে দিনাজপুরের হিলিতে যাচ্ছিলেন।
জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক সাইদুর রহমান জানান, হতাহত ব্যক্তিদের অধিকাংশের হাত-পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে।
সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ ইকবাল জানান, ঘটনার পর সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) এসআই আবদুর রাজ্জাকসহ চারজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক মো. আবদুল আউয়াল জানান, ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান পার্বতীপুর রেলওয়ের অপারেটিং ম্যানেজার শাহ আলম।
এ ছাড়া জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোরশেদ আলমকে (সার্বিক) প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসিন।