হঠাৎ বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঘে বৃষ্টির দেখা খুব একটা মেলে না। তবে গতকাল দুপুরে রাজশাহীতে হঠাৎ​ করেই বৃষ্টি নামে। শীতের ​বৃষ্টিতে জবুথবু হয়ে পড়ে শহরবাসী l ছবি: প্রথম আলো
মাঘে বৃষ্টির দেখা খুব একটা মেলে না। তবে গতকাল দুপুরে রাজশাহীতে হঠাৎ​ করেই বৃষ্টি নামে। শীতের ​বৃষ্টিতে জবুথবু হয়ে পড়ে শহরবাসী l ছবি: প্রথম আলো

সূর্য ওঠেনি! সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। বেলা ২টা ১০ মিনিটের দিকে রাজশাহীর আকাশ ঝাঁপিয়ে হঠাৎ বৃষ্টি নামল। পথচারীরা যে যেদিকে পারল ছুটতে লাগল। খোলা আকাশের নিচে বসা দোকানিরা দোকান গোছাতে গোছাতেই ভিজে জবুথবু। নগরের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্নিশের নিচে আশ্রয় হলো সারি সারি মানুষের। ঠিক এক ঘণ্টা পর বৃষ্টি ধরে এল। ১০ মিনিটের বিরতি দিয়ে আবার শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি।
রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় রাজশাহীতে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বেলা তিনটায় তা কমে দাঁড়ায় ৮৬ শতাংশ। সকাল ছয়টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। বেলা তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এক ঘণ্টায় ১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
হঠাৎ বৃষ্টিতে মুহূর্তের মধ্যে শহরের চিত্র পাল্টে যায়। পথের ধারে দোকানপাটে ও বাড়ির বারান্দায় আটকে যায় পথচারীরা। রিকশা চলাচল কমে যায়। শীতের সময় সাধারণত বৃষ্টি হয় না দেখে রিকশাচালকেরা পলিথিন নিয়ে বের হননি। বৃষ্টিতে বিপাকে পড়েন তাঁরা।
নগরের লক্ষ্মীপুর এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। মিনিট দশেক ধরে তিনি অটোরিকশা ধরার চেষ্টা করছেন। কিন্তু বৃষ্টির মধ্যে কিছুতেই রিকশার নাগাল পেলেন না। একটি ভবনের কার্নিশের নিচে দাঁড়িয়ে ছিলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী পার্থ ঘোষ। তাঁর ভাষায়, প্রায় এক ঘণ্টার জন্য যেন রাজশাহী শহর থমকে দাঁড়াল।
নগরের কুমারপাড়া এলাকায় ভ্যানে করে শীতের পোশাক বিক্রি করছিলেন ব্যবসায়ী শরিফুল ইসলাম। হঠাৎ বৃষ্টি আসায় বস্তা দিয়ে তিনি পোশাক ঢাকার চেষ্টা করলেন। কাজ হলো না, ভিজে গেল অনেক পোশাক। শরিফুল বলেন, বৃষ্টিতে সাময়িক ঝামেলা হলেও শীত নামতে পারে। শীতের পোশাক বিক্রি বাড়তে পারে।
নগরের আলুপট্টি এলাকায় খোলা আকাশের নিচে জুতা ও স্যান্ডেল বিক্রি করছিলেন আবদুল লতিফ। তিনি বৃষ্টি আসার কারণে দোকানের ওপর পলিথিন টানানোর চেষ্টা করছিলেন। কিন্তু কোনো লাভ হলো না। বৃষ্টি তাঁর দিনের ব্যবসা মাটি করে দিয়ে গেল।