পীরগঞ্জে টানা বৃষ্টিতে ডুবে গেছে ফসলের খেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সোমবার সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত টানা বৃষ্টিতে খেতে পানি জমে যাওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলু, গম, সরিষাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
পীরগঞ্জের কোষারণীগঞ্জ, খনগাঁও, পীরগঞ্জ, হাজীপুর ও সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিচু এলাকার আলুখেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে পীরগঞ্জ ইউনিয়নের ভাকুড়া, তিন বস্তি, পালিগাঁও, নারায়ণপুর, শেখপাড়া, গড়গাঁও, ভবানীতলী, দুর্গাপুর, খামার নারায়ণপুর, ফুটানীটাউন, সিন্নাতপাড়াসহ ১৩-১৪টি গ্রামের অনেক আলু, সরিষা ও গমখেত পানিতে ডুবে গেছে।
গতকাল সোমবার বিকেল চারটায় সরেজমিনে দুর্গাপুর গ্রামের ইন্দ্র মোহন, ভাকুড়ার দেলোয়ার হোসেন, দুর্গাপুরের বিপ্লব, খামার নারায়ণপুরের পয়গাম, গুয়াগাঁওয়ের মো. বাদশা মিয়া বলেন, এসব গ্রামের দেড় শতাধিক চাষির আলুখেত পানিতে ডুবে গেছে। গোড়াপচাসহ অন্যান্য রোগ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
গতকাল বিকেল চারটার দিকেও পীরগঞ্জের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। উল্লিখিত গ্রামের চাষিদের বিকেল থেকেই ডুবে যাওয়া আলুখেত থেকে পানি সরানোর চেষ্টা চালাতে দেখা গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ২৯ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ২৫ হাজার হেক্টর জমিতে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘বৃষ্টিতে ডুবে যাওয়া খেত থেকে পানি সরাতে হবে, এটাই চাষিদের প্রথম কাজ। দ্রুত পানি সরাতে না পারলে গোড়াপচা রোগ দেখা দিতে পারে।’