হঠাৎ বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট ক্ষতির মুখে মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার রাতে চুয়াডাঙ্গার অনেক স্থানে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। এতে ভাটায় ইটের ব্যাপক ক্ষতি হয়। গতকাল সকালে দামুড়হুদা উপজেলার পুড়োপাড়া গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো
সোমবার রাতে চুয়াডাঙ্গার অনেক স্থানে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। এতে ভাটায় ইটের ব্যাপক ক্ষতি হয়। গতকাল সকালে দামুড়হুদা উপজেলার পুড়োপাড়া গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় গত সোমবার রাতের আকস্মিক বৃষ্টিতে প্রায় ২০০ ইটভাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বৃষ্টিতে ভাটাগুলোর অধিকাংশ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন ভাটার মালিকেরা।
চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, সোমবার দেশে চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। রাত ৭টা ৫৫ মিনিট থেকে ৩টা ৫৯ মিনিট পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর এ সময় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। পূবালী বায়ুর প্রভাবে এই শিলাবৃষ্টি হয়েছে।
চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইটভাটায় গিয়ে দেখা গেছে, বৃষ্টিতে ভাটার কাঁচা ইট ভিজে গলে কাদা হয়ে গেছে। ভাটায় কিছু কাঁচা ইট পলিথিন দিয়ে ঢেকে রক্ষা করার চেষ্টা হলেও শিলার কারণে সেগুলোর ক্ষতি হয়েছে। পোড়ানোর জন্য চুল্লিতে সাজানো ইটও গলে গেছে।
দামুড়হুদা উপজেলার পোড়াপাড়ায় অবস্থিত রাজা ইটভাটার মালিক ইকবাল মাহমুদ জানান, শিলাবৃষ্টিতে তাঁর ভাটায় ১০ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। কাঁচা ইটের অভাবে ভাটার উৎপাদন বন্ধ রাখতে হবে। নতুন করে উৎপাদনে যেতে ১০ দিনের বেশি সময় লাগবে।
জেলা ইটভাটা মালিক সমিতির সদস্যরা বলছেন, জেলায় বর্তমানে পরিবেশবান্ধব জিগজ্যাগ পদ্ধতি ও স্থায়ী চিমনির মোট ৮৪টি ইটভাটা রয়েছে। প্রতিটি ভাটায় ৫ থেকে ১০ লাখ পর্যন্ত কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়া এসব কাঁচা ইটের মাটি সরিয়ে নিয়ে আবারও নতুন করে ইট তৈরি করতে হবে। এতে বাড়তি শ্রমিক খরচ ও অন্যান্য খরচ মিলিয়ে আকার অনুযায়ী ভাটাগুলোর প্রতিটির ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ক্ষতি হবে।
সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব বলেন, প্রতিটি কাঁচা ইট তৈরি করতে দুই থেকে তিন টাকা খরচ হয়। হঠাৎ করে এই বৃষ্টিপাত হওয়ায় প্রত্যেক ভাটার মালিকের যে লোকসান হয়েছে, তা পুষিয়ে নেওয়া সম্ভব নয়।
ঝিনাইদহ জেলা ইটভাটা মালিক সমিতির অধীনে ১০৪টি ইটভাটা আছে। সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম বলেন, ভাটার মালিকদের সঙ্গে কথা বলে তিনি যে তথ্য পেয়েছেন, তাতে ভাটাপ্রতি গড়ে তিন হাজার করে ইট নষ্ট হয়েছে। এতে প্রায় নয় কোটি টাকার ক্ষতি হয়েছে।
রামনগর গ্রামে অবস্থিত পাল ব্রিকসের ব্যবস্থাপক গৌতম গাঙ্গুলী বলেন, তাঁদের ভাটায় ১০ লাখ কাঁচা ইট ছিল। এ ছাড়া চিমনির মধ্যেও বেশ কিছু কাঁচা ইট ছিল। সব কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এর মূল্য প্রায় ৩০ লাখ টাকা। সেই সঙ্গে রয়েছে ভাটা পরিষ্কার করার কাজ। সেখানেও ২ থেকে ৩ লাখ টাকা খরচ হবে।
মহেশপুর উপজেলার ভৈরবায় অবস্থিত মহেশপুর ব্রিকসের মালিক হজ্জেল হক বলেন, তাঁদের ভাটায় চার লাখ কাঁচা ইট ছিল। হঠাৎ যে বৃষ্টি হবে, তা তাঁরা বুঝতে পারেননি। যে কারণে আঙিনায় পড়ে থাকা ইট সরানো যায়নি।
এ ছাড়া সদরের বিষয়খালী, কয়ারগাছি, নারিকেলবাড়িয়া; কালীগঞ্জের ছালাভরা, দুলালমুন্দিয়া, বারোবাজার; কোটচাঁদপুরের ফুলবাড়ী, সাব্দালপুর; শৈলকুপার ভাটই; হরিণাকুণ্ডুর চাঁদপুর, ভায়নাসহ বিভিন্ন এলাকার ভাটাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।