হঠাৎ বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে জনজীবন স্থবির হয়ে পড়ে। মানুষ ভোগান্তির শিকার হয়। পাবনা শহরের আবদুল হামিদ সড়ক থেকে তোলা ছবি l প্রথম আলো
গতকাল দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে জনজীবন স্থবির হয়ে পড়ে। মানুষ ভোগান্তির শিকার হয়। পাবনা শহরের আবদুল হামিদ সড়ক থেকে তোলা ছবি l প্রথম আলো

দেশের বিভিন্ন স্থানে গত মঙ্গল ও গতকাল বুধবার বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গতকাল সূর্যের দেখা মেলেনি। অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া কনকনে শীত ও হিমেল হাওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে আসে। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়। দুস্থ ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়ে যায়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া ও ধুনট: গতকাল দিনভর সূর্যের দেখা মেলেনি। দিনের কর্মব্যস্ততা শুরু হলেও ছন্দপতন ঘটে স্বাভাবিক জীবনে। বই-খাতা হাতে বিদ্যালয়ের উদ্দেশে রাস্তায় বের হয় শিক্ষার্থী ও অভিভাবকেরা। ঠান্ডায় চরম দুর্ভোগ পোহাতে হয় শ্রমজীবীদের। শহরের রাজপথ, ফুটপাত, রেলস্টেশন, বাস টার্মিনাল—সবখানেই জবুথবু হয়ে পড়ে জনজীবন।
বগুড়া আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত ১৪ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক চণ্ডীদাস কুণ্ড বলেন, মাঠে এখনো ৫০ হাজার হেক্টর আলু ও ২৮ হাজার হেক্টর সরিষা রয়েছে। বৃষ্টিতে যেসব আলুখেতে পানি জমেছে, দ্রুত তা সেচে ফেলে দিতে হবে। তা না হলে কাদামাটির নিচে আলু পচে যেতে পারে। এ ছাড়া পোকার উপদ্রব ও আলুতে দাগ হতে পারে। দেরিতে লাগানো গাজরখেতেরও ক্ষতি হতে পারে।
ধুনট উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলায় এ বছর ২ হাজার ২২০ হেক্টর সরিষা, ৩৫০ হেক্টর টমেটো, ৪৯০ হেক্টর আলু ও ১৮০ হেক্টর গমসহ ৩ হাজার ২৪০ হেক্টর রবি ফসলের চাষ হয়েছে। এসব ফসল উৎপাদনের জন্য খরচাপাতি করে এখন কৃষকদের ঘরে তোলা বা বিক্রির সময় হয়েছে। এ অবস্থায় হঠাৎ বৃষ্টিতে আলু ও সরিষার জমিগুলোতে পানি জমে গেছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): গতকাল ভোর থেকে হঠাৎ শুরু হয় বৃষ্টি। বেলা দুইটা পর্যন্ত কখনো হালকা, আবার কখনো তুমুল বৃষ্টি হয় উপজেলাজুড়ে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ধানের জন্য বৃষ্টি উপকারী হলেও মাঠে থাকা ২ হাজার ৫২০ হেক্টর জমির সরিষা ও ১২০ হেক্টর জমির গমের ক্ষতির আশঙ্কা রয়েছে।
ঈশ্বরদী (পাবনা): গতকাল ঈশ্বরদীতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে ঈশ্বরদী আবহাওয়া কার্যালয়। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর, ডিগ্রীর চর এলাকার মানুষ জানান, বৃষ্টি ও শীতের কারণে কাজে যেতে পারছেন না কৃষকেরা। বৃষ্টিতে খেতে পানি জমেছে।
শেরপুর: গতকাল ভোর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন সড়কের উন্নয়নকাজ ব্যাহত হয়। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অফিস-আদালতে মানুষের উপস্থিতি ছিল খুব কম। বৃষ্টির সঙ্গে শীতের তীব্রতা বাড়ায় আলুচাষিরা দুশ্চিন্তায় পড়েছেন।
বদরগঞ্জ (রংপুর): বদরগঞ্জে গত মঙ্গলবার দিবাগত রাতে বৃষ্টিপাতে ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল সকালে উপজেলার কয়েকটি ইটভাটা ঘুরে দেখা যায়, পোড়ার জন্য প্রস্তুত করা কাঁচা ইট বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে। ইটভাটা মালিক সমিতির রংপুর জেলা সম্পাদক আজিজুল হক বলেন, বদরগঞ্জ উপজেলায় ৩২টি ইটভাটায় এবার ইট পোড়ানো হচ্ছে। মঙ্গলবার রাতে হঠাৎ বৃষ্টিতে ভাটাগুলোতে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।