হঠাৎ বেড়েছে আটা-ময়দার দাম, চালের দামও বাড়তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বা জা র দ র
বা জা র দ র

রাজধানীর নিত্য-পণ্যের বাজারে হঠাৎ বেড়েছে আটা ও ময়দার দাম। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দুই দিনে খুচরা বাজারে প্রতি কেজি আটার দাম তিন টাকা ও ময়দার দাম দুই টাকা বেড়েছে। বেড়েছে বিভিন্ন জাতের চালের দামও।
পেঁয়াজের দাম আরও কমেছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য কমিয়ে দেওয়ায় এবং বাজারে দেশি নতুন পেঁয়াজ আসায় দাম কমছে।
বিরোধী দলের পঞ্চম দফার অবরোধ শেষে পণ্য সরবরাহব্যবস্থায় গতি ফিরে এসেছে। তাই এই সময়ে আটা ও ময়দার দাম বাড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ভোক্তারা।
গতকাল সকালে সেগুনবাগিচা বাজারে সাপ্তাহিক বাজার করতে আসা বেসরকারি ব্যাংকে কর্মরত নাজিয়া আফরিন প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধের মতো কর্মসূচির সময়েও যে পণ্যের দাম বাড়েনি, এখন তা বাড়ল কেন। বিষয়টি খতিয়ে দেখা উচিত।
জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ বলেন, ‘কাল রোববার বিষয়টি নিয়ে আলাপ করব।’
বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর ও খুচরা দোকান ঘুরে জানা গেছে, তিন দিন আগে সাধারণ মানের খোলা আটা প্রতি কেজি ৩০-৩২ টাকায় বিক্রি হলেও এখন দাম ৩৩-৩৪ টাকা। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত আটা ৩৫-৩৬ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকায়।
একইভাবে ৩৫-৩৭ টাকার খোলা ময়দা ৩৭-৩৯ টাকা ও প্যাকেটজাত ময়দা ৪২-৪৪ টাকা থেকে বেড়ে ৪৪-৪৬ টাকায় বিক্রি হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হলো গম আমদানি কমে যাওয়া। পাইকারি বাজারে সম্প্রতি খোলা আটা-ময়দার মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে প্যাকেটজাত আটা-ময়দার দামও বাড়ানো হয়েছে।
সব ধরনের চালের দাম কেজিতে এক থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল নতুন নাজিরশাইল প্রতি কেজি ৪৮-৫০ টাকা, পুরোনো নাজিরশাইল ৫৪-৫৮ টাকা, উন্নত মানের মিনিকেট ৪৮-৫০ টাকা, বিআর-২৮ জাতের চাল ৪২-৪৪ টাকা, লতা ৪০-৪২ টাকা এবং মোটা ও স্বর্ণা চাল ৩৫-৩৭ টাকা কেজি দরে বিক্রি হয়। ব্যবসায়ীরা বলছেন, অবরোধের কারণে সরবরাহ বন্ধ থাকায় সংকটের কারণে দাম বেড়েছে।
এদিকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে সব ধরনের সবজির। বেগুন ৩০-৩৫ টাকা, করলা ৩৫-৪০ টাকা, শিম ২৫-৩০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, গাজর ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আকারভেদে প্রতিটি ফুলকপি ও বাধাকপি ২০-২৫ টাকা এবং লাউ ৩৫-৪০ টাকায় বিক্রি হয়। কাঁচা মরিচের দাম আগের সপ্তাহ থেকে কেজিতে ২০ টাকা কমে হয়েছে ৪০-৫০ টাকা।
এদিকে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে পাঁচ টাকা। আগের ১২০-১২৫ টাকা থেকে বেড়ে গতকাল হয়েছে ১২৫-১৩০ টাকা।
খুচরা বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হয়েছে। আগের সপ্তাহে এ দাম ছিল ৫৫-৬০ টাকা। দেশি নতুন পেঁয়াজের দামও কমেছে প্রায় একই হারে। গতকাল বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকা কেজি। আগের সপ্তাহে ছিল ৭০-৭৫ টাকা।
হালিতে ডিমের দাম দুই টাকা কমেছে। আগের সপ্তাহে দাম ছিল হালি ২৮-৩০ টাকা, গতকাল ছিল ২৬-২৮ টাকা।