রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে গতকাল শুক্রবার বেশির ভাগ সবজির কেজি-প্রতি দাম ছিল ৫০ টাকা বা এর চেয়ে বেশি। দু-তিন দিন আগেও এসব সবজি বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়। অর্থাৎ, কেজিপ্রতি দাম বেড়েছে পাঁচ থেকে ১০ টাকা।
খুচরা বিক্রেতাদের দাবি, বৃষ্টিতে সবজি গাছ নষ্ট হয়ে যাওয়ায় এবং সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে ভোক্তারা এই দাবির সঙ্গে একমত নন। তাঁরা বলছেন, কারসাজি করে দাম বাড়িয়ে ব্যবসায়ীরা অজুহাত দাঁড় করান। এটি নতুন নয়।
হাতিরপুল বাজারের চিকিৎসক সুলতানা জাহান প্রথম আলোকে বলেন, ‘যেকোনো অজুহাতে দাম বাড়ানো হয়। সুষ্ঠু বাজার-ব্যবস্থাপনা না থাকার কারণেই ব্যবসায়ীরা এমনটা করার সাহস পান।’
হাতিরপুল ও সেগুনবাগিচা কাঁচাবাজারে প্রতি কেজি বরবটি ৬০ টাকা, টমেটো ৯০, কাঁচা মরিচ ৫০, শিম ৮০-১০০, ঝিঙে ৫০, মুলা ৫০, করলা ৬০, ঢ্যাঁড়স ৫০, গাজর ৬০, কচুর লতি ৫০ টাকায় বিক্রি হয়। প্রতিটি ফুলকপির দাম ছিল ৫০ টাকা। কম দামের মধ্যে পেঁপে ১৫ টাকা, পটোল ও কচুর মুখি ৪০ টাকা কেজি, প্রতি হালি কাঁচকলা ২৫ টাকা ও লেবু ২০ টাকায় বিক্রি হয়।
এ ছাড়া লালশাক, কলমিশাক, লাউশাক, মুলাশাক, পুঁইশাক, ডাঁটাশাকসহ নানা ধরনের শাকের আঁটি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত, পুদিনা পাতা ১০০ গ্রাম ২০ টাকা, ধনেপাতা ১০০ গ্রাম ২৫ টাকায় বিক্রি হয়।
চীনা বড় রসুন ও দেশি রসুন ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে একদানা রসুনের কেজি ১২০ টাকা। প্রতি কেজি আদা ১২৫ টাকা, শুকনা মরিচ ১৮০, হলুদ ১২০, দারুচিনি ২৮০, এলাচি এক হাজার ২০০, জিরা ৪৫০, খেসারি ডাল ৪৫, মুগ ডাল ১২০, ছোলা ৪৮, অ্যাংকর ডাল ৪৫, চিনি ৪৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন খোলা ১১৬ টাকা ও বোতলজাত সয়াবিন ১৩০ টাকা এবং পাম সুপারের দর ছিল ৮০ টাকা।
সব ধরনের চাল ও আটার উচ্চ দর স্থিতিশীল থাকলেও ফার্মের মুরগির ডিমের হালি এক টাকা বেড়ে ৩৪ টাকা হয়েছে। মোটা দানার (তুরস্ক) মসুর ডাল কেজিতে পাঁচ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৯০ টাকা কেজি।
সেগুনবাগিচা কাঁচাবাজারের ক্রেতা শায়লা জাহান বলেন, ‘চাল-ডালের দাম বেড়ে গেলে তবু কথা বলার জায়গা আছে। প্রধানমন্ত্রী পর্যন্ত এ ব্যাপারে কথা বলেন। কিন্তু তরিতরকারির দাম যে হারে বাড়ছে, তা নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে।’
যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, প্রতিযোগিতা কমিশন গঠিত হলে বাজারে যেকোনো ধরনের কারসাজি প্রতিরোধে ভূমিকা রাখা যাবে। কমিশন গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন।