হঠাৎ বেড়েছে এলপি গ্যাসের দাম
ঠাকুরগাঁওয়ে হঠাৎ বেড়ে গেছে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডারের দাম। গত বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত থেকে ক্রেতাদের কাছ থেকে সিলিন্ডারপ্রতি ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। ফলে সিলিন্ডার গ্যাস কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ গ্রাহকদের।
গতকাল রোববার দুপুরে রান্নার সময় হঠাৎ গ্যাসের চুলা বন্ধ হয়ে যায় ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়ার গৃহবধূ সাকিলা ইয়াসমিনের। উপায় না দেখে সিলিন্ডারের গ্যাস কেনার জন্য জমিয়ে রাখা টাকা হাতে নিয়ে বেরিয়ে পড়েন। দোকানে গিয়ে জানতে পারেন গ্যাসের দাম বেড়ে গেছে। বাড়তি দাম পরিশোধ করার মতো টাকা না থাকায়, না কিনেই তিনি বাড়ি ফিরে আসেন। সাকিলা বলেন, রান্নার জন্য মাসে অন্তত এক সিলিন্ডার গ্যাস কিনতে হয় তাঁকে। গত মাসে যে গ্যাস ৯০০ টাকায় কিনেছিলেন, ব্যবসায়ীরা এখন তা চাচ্ছেন ১ হাজার টাকা করে।
ঠাকুরগাঁও শহরের বিভিন্ন গ্যাস কোম্পানির ডিলার, খুচরা বিক্রেতা ও ক্রেতারা বলেছেন, গত বৃহস্পতিবার পর্যন্ত ওমেরা, টোটাল ও যমুনা কোম্পানির এলপি গ্যাসের প্রতিটি ১২ কেজি ওজনের সিলিন্ডার বিক্রি হয়েছে ৯০০ টাকায়। সেই গ্যাস সিলিন্ডার বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। ক্লিনহিট গ্যাস সিলিন্ডার বিক্রি হয়েছে ৯৫০ টাকা দরে, এখন বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। বসুন্ধরা এলপি গ্যাসের রংপুর অঞ্চলের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ শামীম বসুন্ধরা এলপি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি দাবি করলেও বসুন্ধরা কোম্পানির গ্যাস বিক্রি হচ্ছে ১০০ টাকা বাড়তি দামে ১ হাজার টাকায়।
বঙ্গবন্ধু সড়কের এলপি গ্যাসের খুচরা বিক্রেতা বিশ্বজিৎ রায় বলেন, বিভিন্ন কোম্পানির ডিলারদের কাছ থেকে কয়েক দিন ধরে তাঁদের বেশি দামে সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে। তাঁরা সামান্য লাভে খুচরা বিক্রি করছেন।
হাশেম ট্রেডার্সের বিক্রয়কর্মী মো. রাসেল বলেন, প্রতিটি কোম্পানির গ্যাসের সিলিন্ডারে ১০০ টাকা করে দাম বেড়েছে।
শহরের বঙ্গবন্ধু সড়কের চিটাগাং মেশিনারিতে এলপি গ্যাস কিনতে এসে বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী নাজমিন নাহার বলেন, মাসিক আয়ের একটি অংশই সিলিন্ডার গ্যাস কিনতে খরচ হয়ে যায়। এখন হঠাৎ বেড়ে যাওয়া গ্যাসের দাম মেটাতে হলে সংসারের অন্য সব খরচ কমিয়ে আনতে হবে।
বেসরকারি কলেজের শিক্ষক খাদেমুল ইসলাম বলেন, বাড়তি দামে গ্যাস কিনে রান্না চালিয়ে যাওয়া তাঁর জন্য কষ্টকর হয়ে পড়েছে। তাই তিনি গ্যাসের চুলার পরিবর্তে ইলেকট্রিক ম্যাজিক চুলা (বিদ্যুৎচালিত চুলা) ব্যবহার শুরু করেছেন। তিনি অভিযোগ করেন, কিছু ডিলার দীর্ঘদিন ধরে অধিক মুনাফার লোভে জোটবদ্ধভাবে এলপি গ্যাসের দাম বাড়িয়ে চড়া দামে বাজারে বিক্রি করছেন। সিলিন্ডারের গ্যাসের ওজনের ক্ষেত্রেও রয়েছে তারতম্য।
ঠাকুরগাঁওয়ে যমুনা ও টোটাল এলপি গ্যাসের পরিবেশক জাহাঙ্গীর আলম এ প্রসঙ্গে বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে এলপি গ্যাসের দাম বেড়ে যায়। এলপি গ্যাসের বাড়তি দামের সঙ্গে ডিলারদের কোনো সম্পৃক্ততা নেই। সব কোম্পানিই গ্যাসের দাম বাড়িয়েছে। কোম্পানির বেঁধে দেওয়া দরেই গ্যাসের সিলিন্ডার বিক্রি করছি।’
ক্লিনহিট গ্যাসের পরিবেশক আজাহারুল ইসলাম বলেন, ‘কোম্পানি এলপি গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম ১০০ টাকা বাড়িয়েছে। আমরাও সেই দামের সঙ্গে সংগতি রেখে সিলিন্ডারের দাম নির্ধারণ করেছি।’
ওমেরা এলপি গ্যাস কোম্পানির রংপুর বিভাগীয় বিক্রয় ও বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক সবুজ হোসাইন বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১০০ ডলার বেড়েছে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ার ওপর নির্ভর করেই এই দাম বাড়ানো হয়েছে
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক মো. এনামুল হক বলেন, বেসরকারি গ্যাস কোম্পানিগুলো দাম বাড়ানোয় প্রান্তিক পর্যায়ের গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। জেলা বাজার নিয়ন্ত্রণ কমিটির সভায় এলপি গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি তোলা হবে।
যমুনা এলপি গ্যাসের বিপণন কর্মকর্তা মো. রবিউল হাসান গাজী দাবি করেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় দেশে সিলিন্ডার গ্যাসের দাম বাড়াতে হয়েছে।