হঠাৎ বেড়েছে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে হঠাৎ বেড়েছে ছিনতাই। গত দুই মাসে ঘটেছে ২০টি ছিনতাইয়ের ঘটনা। পুলিশ, ভুক্তভোগী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে এই তথ্য পাওয়া গেছে। তবে ছিনতাইয়ের শিকার হওয়া বেশির ভাগ ব্যক্তিই থানায় মামলা করেননি। ভুক্তভোগীদের অভিযোগ, মামলা হলেও পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পারেনি। টাকাও উদ্ধার হয়নি।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধার করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে ঘটনা ঘটলেও বেশির ভাগ ভুক্তভোগী মামলা না করায় পুলিশ জড়িত ব্যক্তিদের সহজে শনাক্ত করতে পারে না।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসেন। গত ১৬ ফেব্রুয়ারি পারিবারিক প্রয়োজনে কাজীর দেউড়ির ব্র্যাক ব্যাংক শাখা থেকে বেলা তিনটার দিকে তিন লাখ টাকা তুলে হেঁটে আধা কিলোমিটারের কম দূরত্বের বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে যাচ্ছিলেন। আলমাস মোড় ফেলে জমিয়তুল ফালাহ মসজিদের দিকে সামান্য গেলেই একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে আসা চার ছিনতাইকারী তঁার গতি রোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তঁার হাতে থাকা তিন লাখ টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তঁাকে ছুরিকাঘাত করা হয়। পরে তারা টাকা নিয়ে পালিয়ে যায়। নগরের একটি বেসরকারি হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। পরে এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন।
গত শুক্রবার সন্ধ্যায় শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘পারিবারিক কাজে ব্যাংক থেকে টাকাগুলো তোলা হয়েছে। নিজে আহত হয়েছি, টাকাও হারিয়েছি। মামলা করা হলেও টাকা উদ্ধার হয়নি। পুলিশ ধরতে পারেনি একজন ছিনতাইকারীকেও।’
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, টাকা উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
নগরের চান্দগঁাও বহদ্দারহাট এলাকায় গত ৯ জানুয়ারি আরাফাত রহমান নামের এক তরুণ ব্যাংক থেকে টাকা তুলে বাসায় যাওয়ার পথে তঁার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। টাকা দিতে দেরি হওয়ায় তঁাকে ছুরিকাঘাতও করা হয়। তিনি চমেক হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় তঁার বাবা হাজী ইয়াকুব আলী বাদী হয়ে চান্দগঁাও থানায় মামলা করেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, দুই মাসের বেশি হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার কিংবা টাকা উদ্ধার করতে পারেনি।
চমেক হাসপাতাল পুলিশ সূত্র জানায়, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯ জন ব্যক্তি। তঁারা নগরের চান্দগঁাও, আকবর শাহ, পুরাতন রেলস্টেশন, বিশ্বকলোনি, লালখান বাজার, খুলশী, বাদুরতলা ও সিআরবি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, নগরের কাজীর দেউড়ি, তিন পুলের মাথা, বৌদ্ধ মন্দির, কাটা পাহাড় লেন, লাল খান বাজার, খুলশী, মুরাদপুর, বহদ্দারহাট, সিটি গেট, অক্সিজেন মোড়, বাদুরতলা, চকবাজার, টাইগারপাস, আগ্রাবাদ, হালিশহরসহ প্রায় অর্ধশতাধিক স্থানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মুঠোফোন কেড়ে নেওয়া ও সামান্য টাকা নেওয়ার ঘটনায় বেশির ভাগই থানায় মামলা করেন না। গুরুতর আহত হলে কিংবা বেশি টাকা ছিনতাই হলে থানায় মামলা করা হয়।
নগরের আগ্রাবাদ হাজীপাড়ার বাসিন্দা আবু কাশেম চৌধুরী জানান, ১ ফেব্রুয়ারি নগরের নতুন রেলস্টেশন এলাকায় তঁার মুঠোফোনটি ছিনতাইকারীরা ছিনিয়ে নেয়। তিনি টিকিট কিনতে স্টেশনে এসেছিলেন। এই ঘটনায় তিনি মামলা করেননি। এর কারণ হিসেবে তিনি বলেন, ঝামেলা এড়াতে মামলা করেননি।
পুলিশ কর্মকর্তাদের দাবি, মামলা হলে ছিনতাইকারীদের ধরা সহজ হয়। গত ২৬ ফেব্রুয়ারি বেলা দেড়টার দিকে নগরের আইস ফ্যাক্টরি রোড এলাকায় মিঠুন দে নামের সাদার্ন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাত করে তঁার কাছ থেকে ১৭ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরদিন জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ মুঠোফোনটি উদ্ধার করে।
একইভাবে ১৫ ফেব্রুয়ারি কাতালগঞ্জ বৌদ্ধমন্দিরের সামনে পঁাচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হাটহাজারী উপজেলার বাসিন্দা সিরাজুল হকের ছেলে নুর উদ্দিন ইসলাম বাদী হয়ে এ ঘটনায় পঁাচলাইশ থানায় মামলা করেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে পুলিশ অহিদুল ইসলাম ওরফে আরিফ ও চান মিয়া ওরফে মামুন নামের দুই যুবককে গ্রেপ্তার করে। তঁাদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইয়ের মূল হোতা হিসেবে নুরুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
পঁাচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, ১৮ ফেব্রুয়ারি রাতে নগরের মক্কী মসজিদ এলাকা থেকে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতে তিনি ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন। ছিনতাই করা এক লাখ টাকাও তঁার কাছ থেকে উদ্ধার করা হয়। পরে তঁাকে আদালতে পাঠানো হলে তিনি জবানবন্দি দেন।
২০ জানুয়ারি অক্সিজেন এলাকায় অভিনব কায়দায় এক নারীর গলার চেইন ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়েছেন ছিনতাই চক্রের সঙ্গে জড়িত চার নারী। তঁারা হলেন শান্তা বেগম, রহিমা বেগম, রুবিনা বেগম ও হোসনে আরা।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে রেনু আক্তার নামের এক নারী অক্সিজেন মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তঁার সঙ্গে রাস্তা পার হন ওই চার নারী। রাস্তা পার হওয়ার সময় রেনু আক্তারকে ঘিরে ফেলেন তঁারা। একপর্যায়ে তঁার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তঁারা। এমনভাবে কাজটি করছিলেন তঁারা, যাতে আশপাশের লোকজন কিছু বুঝতে না পারেন। গলার চেইন টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নারী চিৎকার করলে লোকজন ছুটে আসেন। অক্সিজেন মোড়ে থাকা পুলিশ সদস্যরাও এগিয়ে যান। পরে তঁাদের থানায় নিয়ে আসা হয়।
পরিদর্শক বলেন, চার নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। সুযোগ পেলেই তঁারা নগরের বিভিন্ন স্থানে এভাবে ছিনতাই করেন। তঁাদের চক্রে আরও ৮-১০ জন সদস্য রয়েছেন। ছিনতাইয়ের শিকার নারী রেনু আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন।