স্বাভাবিকের চেয়ে এখন তিন-চার গুণ বেশি যান চলছে শ্রীমঙ্গল-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। ভারী যানবাহনের এই বাড়তি চাপে রাস্তাটি এখন ফেটে চৌচির। এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থান দেবে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর সেতুর একাংশের কংক্রিট ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত সেতুটি যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে ৯ জুন থেকে ওই সেতু দিয়ে যানবাহন চলাচল দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এমতাবস্থায় সিলেটের সঙ্গে সারা দেশের যান চলাচল অবিচ্ছিন্ন রাখতে বিকল্প হিসেবে শ্রীমঙ্গল-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ব্যবহারের সিদ্ধান্ত হয়। সেই থেকে প্রতিদিন এ সড়ক দিয়ে স্বাভাবিক সময়ের চেয়ে তিন থেকে চার গুণ বেশি যান চলাচল করছে। এর মধ্যে রয়েছে পাথর ও সিমেন্টবাহী প্রায় ৫০ টন বা তার বেশি ওজনের ট্রাকও। অথচ সড়কটির সহনক্ষমতা সর্বোচ্চ ৩২ টন।
মৌলভীবাজারের ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. মাহফুজ আলম গত শুক্রবার প্রথম আলোকে বলেন, স্বাভাবিক সময়ে এ সড়কে প্রতিদিন ৭০-৮০টি বাস ও ৬০০ ট্রাক চলাচল করে থাকে। এখন প্রতিদিন এই সড়ক দিয়ে ন্যূনতম ২০০টি যাত্রীবাহী বাস এবং ২ হাজার ট্রাক যাতায়াত করছে। পাথর ও সিমেন্টবাহী ভারী ট্রাকও যাচ্ছে।
সরেজমিনে গত শনিবার দেখা যায়, অতিরিক্ত ও ভারী যানবাহনের চাপে এরই মধ্যে মৌলভীবাজার শহরের কোর্ট রোডের সার্কিট হাউস এলাকায় রাস্তা দেবে গেছে। ওই এলাকার অসংখ্য স্থানে রাস্তায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত শনিবার রাতে ওই এলাকায় চাকা দেবে গিয়ে দুটি ট্রাক আটকা পড়ে। এতে যান চলাচল ব্যাহত হয়। তখন শহরের ভেতরের অপর রাস্তা শাহ মোস্তফা সড়কেও যানের চাপ বেড়ে যায়।
হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির রেশ পড়ছে মৌলভীবাজার শহরের অন্যান্য সড়কেও। শহরের বেশির ভাগ সড়কই এখন সদা ব্যস্ত থাকছে। শহরের রাস্তা ক্ষতিগ্রস্ত ও শহরের ভেতর দিয়ে এত যানবাহন চলাচলে উদ্বিগ্ন শহরবাসী। অনেকেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁদের এই উদ্বেগের কথা জানাচ্ছেন।
এদিকে একই সড়কের মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার আশ্রাকাপন এলাকা এবং রাজনগর-ফেঞ্চুগঞ্জ অংশের রাজনগর উপজেলার পাঁচ-ছয়টি স্থানে রাস্তা দেবে গেছে। এই সড়কের মুন্সীবাজার এলাকাতেও অনেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের অসংখ্য স্থানের পিচ ও খোয়া উঠে যাচ্ছে। রাস্তা ফেটে চৌচির হয়ে গেছে। রাজনগর উপজেলার মুন্সীবাজারের কাছের পুরোনো ও দুর্বল উদনাছড়া সেতুটিও ঝুঁকির মধ্যে রয়েছে।
সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত গতকাল রোববার প্রথম আলোকে বলেন, আগে এই সড়ক ছিল ১৮ ফুট প্রশস্ত। পরে দুপাশে তিন ফুট করে বাড়ানো হয়েছে। এই বর্ধিত অংশ ভারী যানবাহনের চাপে দেবে যাচ্ছে। তবে মূল রাস্তা ঠিক আছে। তিনি বলেন, ‘রাস্তা খারাপ হওয়ার বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কিন্তু এখন জুন মাস। সারা দেশে কাজের চাপ চলছে। পাথর সরবরাহ বন্ধ হলে উন্নয়নকাজ বন্ধ হয়ে যাবে। তাই এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করা যাবে না।...যেখানে বেশি ক্ষতি হচ্ছে ও যেখানে ঝুঁকি বেশি, সেখানে আমরা সঙ্গে সঙ্গে কাজ করছি। গাড়ি বন্ধ হলে বাকিটুকু করা যাবে।’