হঠাৎ ময়দার দাম নিয়ন্ত্রণহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ ময়দার বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। ভালো মানের গমের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণে ময়দার দামে এই অস্থিরতা বলে ব্যবসায়ীরা জানান। খুচরা বাজারে কোথাও কোথাও প্যাকেটজাত ময়দার চেয়ে খোলা ময়দা বেশি দামে বিক্রি করতে দেখা গেছে।গতকাল সোমবার খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত ময়দা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৪ টাকা। খোলা ময়দা ৪৪ থেকে ৪৬ টাকা কেজি বিক্রি হয়। কোম্পানিগুলো দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর আগে কেনা ময়দার দামও বাড়িয়ে দিয়েছেন খুচরা বিক্রেতারা।রিয়াজউদ্দিন বাজারের খুচরা ব্যবসায়ী মো. ইউনুছ প্রথম আলোকে বলেন, ‘কোম্পানিগুলো প্যাকেটজাত ময়দার দাম কেজিপ্রতি পাঁচ টাকা বাড়িয়ে ৪৩ টাকা নির্ধারণ করেছে। এর পরও তারা চাহিদা অনুযায়ী সরবরাহ দেয়নি। আমরা শুধু এক টাকা লাভে ৪৪ টাকায় বিক্রি করছি।’ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে দেখা যায়, গত এক মাসের ব্যবধানে খোলা ময়দার দাম বেড়েছে কেজিপ্রতি সাত থেকে আট টাকা। দাম বাড়ার হার প্রায় ২১ শতাংশ। একই সময়ে প্যাকেটজাত ময়দার দাম বেড়েছে কেজিপ্রতি পাঁচ থেকে ছয় টাকা। দাম বাড়ার হার ১৪ শতাংশ।জানতে চাইলে চট্টগ্রাম ফ্লাওয়ার মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফরিদ উদ্দিন প্রথম আলোকে জানান, বাজারে সাধারণ মানের গমের সরবরাহ ভালো। তবে ভালো মানের গমের সরবরাহ না থাকায় অনেকেই ময়দা উৎপাদন বন্ধ করে দিয়েছে।খাতুনগঞ্জের একাধিক আমদানিকারক প্রথম আলোকে বলেন, কয়েক মাস ধরে গম আমদানিকারকেরা লোকসান দিচ্ছিলেন। আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকায় স্থানীয় বাজারে দাম পড়ে যায়। কমতির বাজারে বিদেশ থেকে গম এনে আমদানিকারকেরাও লোকসান দেন। লোকসান কাটিয়ে উঠতে না পেরে তিন মাস ধরে অনেকেই আমদানি কমিয়ে দেন। সাধারণ মানের গমের মজুদ ভালো থাকায় ওই ধরনের গমে প্রভাব পড়েনি। কিন্তু এখন কানাডা থেকে আমদানি করা ভালো মানের গমের সংকট তৈরি হওয়ায় বাজারে অস্বাভাবিক দাম বেড়ে যায়।খাতুনগঞ্জের বাজারে দেখা যায়, কানাডা থেকে আমদানি করা ভালো মানের গম বিক্রি হয়েছে মণপ্রতি এক হাজার ৭০০ টাকা। কেজি হিসেবে দাম পড়ে প্রায় সাড়ে ৪৫ টাকা। এ ছাড়া অস্ট্রেলিয়া থেকে আমদানি করা গম মানভেদে কেজিপ্রতি ২৬ টাকা ৮০ পয়সা এবং ২২ টাকা দরে বিক্রি হয়েছে। পাকিস্তান ও ইউক্রেন থেকে আমদানি করা গম বিক্রি হয়েছে কেজিপ্রতি ২০ টাকা।বন্দর ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি মাসে গমের চাহিদা রয়েছে আড়াই লাখ টনের বেশি। এই চাহিদার বিপরীতে চলতি অর্থবছরের এ পর্যন্ত প্রায় চার মাসে গম আমদানি হয়েছে দুই লাখ ৫৩ হাজার টন। এর মধ্যে বেসরকারি আমদানি মাত্র এক লাখ নয় হাজার টন। বন্দরে বেসরকারি আমদানির প্রায় ৪৮ হাজার টনের একটি জাহাজ আসছে। এ ছাড়া সরকারি আমদানির দুটি জাহাজে আমদানি হয়েছে ৬৭ হাজার টন।চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ভালো মানের গমের দাম বাড়ার কারণে ময়দার দাম বাড়ানো হয়েছে। তিনি বলেন, ঈদের পর বাজারে ভালো মানের গমের সরবরাহ বাড়বে। তখন বাজারও স্থিতিশীল হয়ে আসবে।