হঠাৎ যান্ত্রিক ত্রুটি ৩ জাহাজকে ধাক্কা
চট্টগ্রাম বন্দর চ্যানেলে গতকাল মঙ্গলবার বিকেলে একটি পণ্যবাহী জাহাজের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় বড় জাহাজ তিনটি ছোট জাহাজকে ধাক্কা দেয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বন্দর চ্যানেলে জাহাজ চলাচলও স্বাভাবিক আছে।জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল বিকেলে বহির্নোঙর থেকে ‘এমভি গোল্ডেন লাইট’ জাহাজ নিয়ে জেটির দিকে আসছিলেন বন্দরের একজন পাইলট। প্রায় ১৪ হাজার টন সরকারি চালবোঝাই জাহাজটি গুপ্তব্যান্ড এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় জাহাজটি আশপাশে থাকা তিনটি লাইটার জাহাজকে মৃদু ধাক্কা দেয়। বন্দরের পাইলট নুর মোহাম্মদ চৌধুরী তাৎক্ষণিকভাবে চ্যানেলে নোঙর করতে সক্ষম হন। এ কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচল ব্যাহত হয়নি। জাহাজটি টাগ-বোট দিয়ে বহির্নোঙরে টেনে নেওয়া হয়েছে।