হঠাৎ রংপুর চিড়িয়াখানার প্রবেশমূল্য দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে গত ২৯ অক্টোবর থেকে রংপুর চিড়িয়াখানায় প্রবেশ টিকিটের মূল্য দ্বিগুণ করা হয়েছে। এখন দর্শনার্থীদের নির্ধারিত পাঁচ টাকার স্থলে ১০ টাকা দিয়ে টিকিট কিনতে হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে দরপত্রের মাধ্যমে রংপুর চিড়িয়াখানার প্রবেশপথের গেট ইজারা পায় এমআর বিল্ডার্স প্রতিষ্ঠান। এই দরপত্রে তিনজন ঠিকাদার অংশ নিয়েছিলেন। কিন্তু সর্বনিম্ন দরদাতা পাঁচ টাকায় প্রবেশমূল্য হিসেবে এক বছরে ৩৬ লাখ টাকায় প্রবেশ গেট ইজারা পান। জানা গেছে, নিয়ম অনুযায়ী জুলাই মাস থেকে দর্শকদের কাছ থেকে প্রবেশমূল্য পাঁচ টাকা করে নেওয়া হলেও গত ২৯ অক্টোবর থেকে ১০ টাকা আদায় করা হচ্ছে। গত ২৯ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, চিড়িয়াখানার প্রবেশপথের গেটে আগে টিকিটের মূল্য লেখা ছিল পাঁচ টাকা। এই লেখা মুছে সেখানে লেখা হয়েছে ১০ টাকা। সদর উপজেলার পাগলাপীর এলাকা থেকে শিশুসন্তান নিয়ে বেড়াতে আসা মশিয়ার রহমান বলেন, ‘দুই সপ্তাহ আগে এখানে এসেছিলাম। তখন প্রবেশমূল্য ছিল পাঁচ টাকা। এবার তা ১০ টাকা করা হয়েছে।’ বাহার কাছনার শহিদার রহমান বলেন, এখানে ছেলেমেয়ে নিয়ে প্রায়ই আসতে হয়। হঠাৎ করে প্রবেশমূল্য বাড়ানো ঠিক হয়নি।ইজারাদার এমআর বিল্ডার্সের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আবুল কাশেম বলেন, দরপত্রে ইজারাদার পাঁচ টাকায় প্রবেশমূল্য নেবেন বলে ইজারা নিয়েছেন। বর্ধিত প্রবেশমূল্য-সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের কোনো চিঠি চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে আসেনি।