হঠাৎ লোকালয়ে ময়ূর

এদিক-সেদিক ঘুরে গ্রামের একটি ঘরে ঢুকে পড়ে ময়ূরটি। সঙ্গে সঙ্গেই নজরে পড়ে সবার। ছুটে আসেন রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। লালমনিরহাট থেকে আহত অবস্থায় উদ্ধার করে ময়ূরটি নিয়ে যাওয়া হয় রাজশাহীতে।
বন বিভাগ জানিয়েছে, ধরার সময় ময়ূরটি আহত হয়। এখন চিকিৎসা চলছে এটির। সুস্থ হলে পাখিটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৮ মার্চ প্রথমে ময়ূরটি লালমনিরহাট জেলার সীমান্তবর্তী পাটগ্রাম উপজেলার ঘুনাবাড়ী গ্রামের লোকজনের নজরে আসে। লালমনিরহাট জেলার সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার আলী মণ্ডলের সহায়তায় ময়ূরটি উদ্ধার করা হয়।

আজ এটিকে বন বিভাগের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে নেওয়া হয়। আটক করার সময় ময়ূরটি আহত হয়েছিল। ময়ূরটি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের শিক্ষক হেমায়েতুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
বন বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম বলেন, এটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির ময়ূর (Indian Peafowl) বৈজ্ঞানিক নাম: Pavo cristatus । এটির অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে।