হঠাৎ সচল তিস্তা সেচ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তায় পানি বৃদ্ধি পেলে ব্যারাজের আশপাশের ধু ধু বালুচরের অনেকখানি গতকাল পানিতে তলিয়ে যায়। গতকাল নদীতে পানি বেড়ে তিন হাজার ৬ কিউসেকে ওঠে । প্রথম আলো
তিস্তায় পানি বৃদ্ধি পেলে ব্যারাজের আশপাশের ধু ধু বালুচরের অনেকখানি গতকাল পানিতে তলিয়ে যায়। গতকাল নদীতে পানি বেড়ে তিন হাজার ৬ কিউসেকে ওঠে । প্রথম আলো

তিস্তা সেচ প্রকল্প এক রাতেই সচল হয়ে উঠেছে। হঠাৎ পানি পেয়ে ব্যস্ত হয়ে পড়েছেন প্রকল্প এলাকার কৃষকেরা।
গতকাল মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া দিনাজপুর সেচ খালের সুবিধাভোগী কৃষকদের পানি পেয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা যায়।
জেলা সদরের রামনগর ইউনিয়নের বিশমুড়ি গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘রাতেও ভাবি নাই, সকালে উঠি এত পানি পাব। সাত দিন আগে অল্প পানি পাইছিলাম। এর আগত শ্যালো দিয়া সেচ দিছি। আইজ পানির অভাব নাই। এই রকম পানি পাইলে হামার আবাদ করির কোনো অসুবিধা হইবে না।’
একই কথা বলেন ওই গ্রামের কৃষক তোফায়েল হোসেন। ‘আইজ যে পানি পাইছি, আগামী ১০ দিন পানি না দিলেও অসুবিধা হইবে না।’
জেলা সদরের ইটাখোলা গ্রামের আবু বক্কর জানালেন, পানির অভাবে গত ২০ দিনে তাঁর দুই বিঘা জমির পাটবীজ নষ্ট হয়ে গেছে। দুই বিঘা বোরো ধানগাছ নষ্ট হয়েছে। বোরোখেত গরু দিয়ে খাইয়েছেন। তিনি ক্ষোভ জানিয়ে বলেন, ‘এখন পানি দিয়ে আমার কী লাভ হবে!’ সাম্প্রতিক সময়ে তিস্তা সেচ প্রকল্পে ভয়াবহ পানিশূন্যতা দেখা যায়। এ প্রকল্পের আওতায় থাকা প্রধান সেচ খাল হয়ে দিনাজপুর, রংপুর ও বগুড়া খাল প্রায় শুকিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড এ প্রকল্পের আওতায় ৬০ হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ প্রদানের লক্ষ্য নিয়ে কাজ শুরু করে ২৫ হাজার হেক্টর জমিতে পালাক্রমে সেচ দেয়, যা তাদের লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম।
বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন পানির ন্যায্য হিস্যার দাবিতে লংমার্চ, মানববন্ধনসহ নানা ধরনের কর্মসূচি পালন করছে। একই দাবিতে গতকাল সকালে ঢাকা থেকে তিস্তামুখী লংমার্চ শুরু করেছে বিএনপি।
লংমার্চকারীরা আজ বুধবার বেলা ১১টায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা প্রকল্পের ডালিয়া হেলিপ্যাডে সমবেত হবেন। এর আগেই সবাইকে তাক লাগিয়ে প্রকল্পের খালগুলোতে এসে পৌঁছেছে তিন হাজার ছয় কিউসেক পানি। একইভাবে পানি বেড়েছিল ১৩ এপ্রিল, দেড় হাজার কিউসেক। ১৯ এপ্রিলের পর পানির প্রবাহ আবার কমতে থাকে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, চলতি মৌসুমে তিস্তার পানি কমতে কমতে ৫০০ থেকে ৫৫০ কিউসেকে দাঁড়ায়। অথচ এ সময় এ নদীতে স্বাভাবিকভাবে গড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার কিউসেক পানি থাকা প্রয়োজন। গত রোববার ৬৮৮ কিউসেক এবং গত সোমবার পানির প্রবাহ ছিল ৮৩০ কিউসেক।

তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় দিনাজপুর সেচ খালে পানি সরবরাহ বেড়ে যায়। হঠাত্ খালে বৃদ্ধি পাওয়া পানি দেখতে আশপাশের লোকজন ভিড় করেন। খালটির নীলফামারী সদর উপজেলার চাঁদেরহাট এলাকা থেকে গতকাল বিকেলে তোলা ছবি । প্রথম আলো
তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় দিনাজপুর সেচ খালে পানি সরবরাহ বেড়ে যায়। হঠাত্ খালে বৃদ্ধি পাওয়া পানি দেখতে আশপাশের লোকজন ভিড় করেন। খালটির নীলফামারী সদর উপজেলার চাঁদেরহাট এলাকা থেকে গতকাল বিকেলে তোলা ছবি । প্রথম আলো

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, ১৩ এপ্রিল থেকে পানি বাড়লেও সোমবার পানির পরিমাণ নেমে এসেছিল ৮৩০ কিউসেকে। মঙ্গলবার সকালে হঠাৎ তা বেড়ে তিন হাজার ছয় কিউসেকে ওঠে। ভারত পানি ছেড়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, হয়তো গজলডোবা ব্যারাজের গেট খুলে দেওয়ায় পানি বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, নীলফামারী জেলার বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের আওতায় নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ১২টি উপজেলার এক লাখ ১১ হাজার ৪০৬ হেক্টর জমিতে সেচ প্রদানের লক্ষ্যে ১৯৯৮ সালের জুন মাসে এ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়। শুরুর দিকে ৭৯ হাজার হেক্টরে সেচ দেওয়া গেলেও তিস্তায় প্রয়োজনীয় পনির অভাবে প্রতিবছর সেচযোগ্য জমির পরিমাণ কমতে থাকে।
গত বছর ওই প্রকল্পের আওতায় ৭০ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া হলেও এ বছর পানির অভাবে আরও ৫০০ হেক্টর জমি কমিয়ে নেওয়া হয়। এবার এ পর্যন্ত ২৫ হাজার হেক্টর জমিতে পালাক্রমে সেচ দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেছে পানি উন্নয়ন বোর্ড।
স্মারকলিপি: তিস্তা সেচ প্রকল্পের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে গতকাল দুপুরে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। শহরের শহীদ মিনার থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির সংগঠক আবদুস সাত্তার, ডোমার উপজেলা সংগঠক ইয়াসিন আদনান, ডিমলা উপজেলা সংগঠক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এ এম রফিকুন্নবী স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।