হঠাৎ সভা ডেকে প্রেসক্লাবের কমিটি ঘোষণার প্রস্তুতি
আকস্মিক বার্ষিক সাধারণ সভা ডেকে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হচ্ছে। সরকার সমর্থক এবং বিএনপি সমর্থক সাংবাদিক নেতাদের একাংশের নেতৃত্বে এই কমিটি গঠন করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সরকার সমর্থক সাংবাদিক নেতা শাহজাহান মিয়ার সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে।
সমঝোতা প্রক্রিয়ায় জড়িত একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ারকে সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে।
তবে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএনপির সমর্থক সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও জামায়াত সমর্থক বলে পরিচিত সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী এই সমঝোতা প্রক্রিয়ায় নেই বলে জানা গেছে। তাঁদের কাউকে সাধারণ সভায় দেখা যায়নি। সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ সরকার সমর্থক সাংবাদিক ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি সমর্থক সাংবাদিক নেতাদের মধ্যে আমানউল্লাহ কবির, শাজাহান আলম সাজু, খন্দকার মনিরুল আলম উপস্থিত আছেন।
গত বছর ৩০ ডিসেম্বর ক্লাবের সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। এরপর তিনবার নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও নির্বাচন হয়নি। সর্বশেষ ২৯ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এতে সরকার-সমর্থক ও বিরোধী দুই পক্ষের তরফ থেকে ব্যবস্থাপনা কমিটির ১৭টি পদ ভাগাভাগি করে সমঝোতার ভিত্তিতে নির্বাচনের চেষ্টা চালানো হয়। তবে সে চেষ্টাও ভেস্তে যায়। এই পরিপ্রেক্ষিতে ১৭ মে ছয় সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে পদত্যাগ করলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।
ব্যবস্থাপনা কমিটি ২৫ ও ২৬ মে সভা করে ২৮ মে অনুষ্ঠেয় দ্বিবার্ষিক সাধারণ সভা স্থগিত ঘোষণা করে এবং ২৭ জুন অতিরিক্ত সাধারণ সভা ডাকে। এই প্রেক্ষাপটে গতকাল উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সরকার-সমর্থক ফোরাম, শওকত মাহমুদের সভাপতিত্বে বিএনপি-জামায়াত সমর্থক ফোরাম ও আমানউল্লাহ কবিরের সভাপতিত্বে জাতীয়তাবাদী ধারার একটি ফোরাম আলাদা সভা করে। সভায় কোনো কোনো অংশ দ্বিবার্ষিক সাধারণ সভা আয়োজনের পক্ষেও মত দেয়।
ক্লাবের ব্যবস্থাপনা কমিটিও গতকাল জরুরি সভা করে সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে।