হঠাৎ সূচি পরিবর্তনে পরীক্ষা দিতে পারেননি ২২ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের একটি পরীক্ষা দিতে পারেননি খুলনা বিএল কলেজের ২২ শিক্ষার্থী। ফলে জীবন থেকে একটি বছর চলে যাওয়ার শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
পরীক্ষার সূচি অনুযায়ী গত বৃহস্পতিবার বেলা দুইটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা বিষয়ের পরীক্ষা ছিল। কিন্তু কয়েক দিন আগে সূচি পরিবর্তন করে ওই পরীক্ষার সময় নির্ধারণ করা হয় সকাল নয়টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরিবর্তিত এ সূচির তথ্য জানানো হয়। কিন্তু অনেকে নতুন সূচি না জানায় পরীক্ষা দিতে পারেননি। বিএল কলেজের এ রকম শিক্ষার্থীর সংখ্যা ২২।
শিক্ষার্থী বেলাল হোসেন বলেন, পরীক্ষার্থীদের অনেকেই প্রত্যন্ত গ্রামে থাকেন। খরচ বাঁচাতে অনেকে বাড়ি থেকে এসে পরীক্ষা দেন। আবার অনেকের নেট ব্যবহারের সুযোগও নেই। এ কারণে ওয়েবসাইটে কোনো তথ্য দিলে তা অনেকে না-ও জানতে পারেন। সাধারণত পরীক্ষার সূচি পরিবর্তনের তথ্য সংশ্লিষ্ট কলেজের নোটিশ বোর্ডে দেওয়া হয়। তা ছাড়া পরীক্ষাকক্ষেও নোটিশ পড়ে শোনানো হয়। কিন্তু তাঁদের পরীক্ষা কেন্দ্র খুলনা সরকারি মহিলা কলেজের নোটিশ বোর্ডে সূচি পরিবর্তন-সংক্রান্ত কোনো নোটিশ টাঙানো হয়নি। তা ছাড়া পরীক্ষার কক্ষেও তাঁদের জানানো হয়নি। ফলে তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি। বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সময়ে পরীক্ষা দিতে এসে দেখেন, পরীক্ষা দুই ঘণ্টা হয়ে গেছে। এ সময় পরীক্ষার কক্ষে দায়িত্বে থাকা শিক্ষকদের অনেক অনুরোধ করলেও তাঁরা পরীক্ষা দিতে দেননি।
শিক্ষার্থী হালিমা খাতুন বলেন, ‘আমাদের যদি পরীক্ষা শুধু অ্যাটেন্ড করতে দিত, তাহলে আমরা পরীক্ষায় ফেল করলেও আগামী বছর শুধু ওই বিষয়ে পরীক্ষা দিলেই ফলাফল পেয়ে যেতাম। কিন্তু এখন আমাদের সুযোগ না দিলে আবার নতুন করে ভর্তি হয়ে আগামী বছর সব পরীক্ষা দিতে হবে।’
পরীক্ষাবঞ্চিত এসব শিক্ষার্থীর দাবি, যেকোনো মূল্যে তাঁদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। নইলে তাঁদের জীবন থেকে একটি বছর চলে যাবে, যা কোনোভাবেই পূরণ সম্ভব নয়।
এ ব্যাপারে কথা বলতে বিএল কলেজের অধ্যক্ষ গুলশান আরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘এখন আমি বাইরে যাচ্ছি। এ ব্যাপারে কোনো কথা বলার সময় নেই।’
খুলনা মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল আলীম বলেন, গত ২৮ মের পর জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে, এখন থেকে তাদের সব পরীক্ষা সকালে হবে। যাঁরা ২৮ মের আগে পরীক্ষা দিয়েছেন, তাঁরা অনেকেই এ ব্যাপারটি জানতে পারেননি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ পাওয়ার পর অন্যান্য পরীক্ষাকক্ষে পরীক্ষার সূচি পরিবর্তনের ব্যাপারটি জানিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।