হঠাৎ সড়ক বিভাজকের ওপর লরি

রাজধানীর খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালি কন্টেইনার লরি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। লরিটি পাশের রাস্তার একটি ব্যক্তিগত গাড়ির ওপর আছড়ে পড়ে। বুধবার রাত সাড়ে নয়টার দিকের এই দুর্ঘটনার পর থেকেই বিশ্বরোডের দুপাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি খালি কন্টেইনার লরি কমলাপুরের দিকে যাচ্ছিল। খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনের সড়কে লরিটি আসলে রাস্তার গর্তে ঝাঁকুনি খায়। এতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে পাশের রাস্তার একটি ব্যক্তিগত গাড়ির ওপর আছড়ে পড়ে। গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লরির চালক ও চালকের সহকারী ঘটনার পরপরই পালিয়ে গেছেন।
ক্ষতিগ্রস্ত গাড়ির চালক পলাশ রায় প্রথম আলোকে বলেন, তিনি দুর্ঘটনায় আহত হননি। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত আছেন খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস আলী। রাত সোয়া ১২টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা লরিটি সড়ক বিভাজক থেকে সরানোর চেষ্টা করছেন। সড়ক বিভাজকের লাইটপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। লরিটি জব্দ করা হয়েছে। তবে লরিটির চালক ও চালকের সহকারী পলাতক।