হঠাৎ হঠাৎ তৎপর বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-১৯ (সাভার) আসনের পাড়া-মহল্লা ও অলিগলি—সবখানেই চলছে আওয়ামী লীগের প্রার্থী এনামুর রহমানের প্রচারণা। শুধু ব্যানার-পোস্টার আর মাইকের প্রচারণাই নয়, ভোটারদের কাছেও যাচ্ছেন এনামুর রহমান। তবে এই আসনের বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন গত ১০ দিনে মাঠে ছিলেন মাত্র ৩ দিন। ব্যানার-পোস্টার আর মাইকে প্রচারণাও নেই তাঁর।
বিএনপির নেতা-কর্মীরা বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের যে নেতা-কর্মীরা প্রচারণায় অংশ নিচ্ছিলেন, তাঁদের অনেকের নামে নতুন করে মামলা হয়েছে। অনেক নেতা-কর্মীকে আটকের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। এসব কারণে এক সপ্তাহের বেশি সময় দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা বন্ধ ছিল। শনিবার থেকে দু–একটি এলাকায় প্রচারণা চালানো হচ্ছে। তাঁরা বলেন, সাভার পৌর এলাকাসহ আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর শাহ মইনুল হাসান এবং সাধারণ সম্পাদক বদিউজ্জামান। কিন্তু ১৭ ডিসেম্বর আমিনবাজার এলাকায় ঢাকা-২ আসনের বিএনপির প্রার্থী ইরফান ইবনে আমান ও তাঁর নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাঁদেরসহ (শাহ মইনুল হাসান ও বদিউজ্জামান) ২১০ জনকে আসামি করা হয়। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে ওই দুই নেতাসহ অনেক নেতা-কর্মী সাভার থেকে পালিয়ে যান।

সাভার উপজেলার সাভার থানার সাভার, বিরুলিয়া ও বনগাঁও এবং আশুলিয়া থানার পাথালিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া ও শিমুলিয়া ইউনিয়নসহ সাভার পৌরসভা নিয়ে ঢাকা-১৯ আসন। এই আসনে ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৩০৫। ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের কাছে হেরে যান তিনি। ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এনামুর রহমান। এবারও তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়ছেন।

সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বলেন, ‘কোনো ঘটনার সঙ্গে জড়িত না থাকলেও বিভিন্ন মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হচ্ছে। আমাকেও কয়েকটি মামলায় আসামি করা হয়েছে। মামলার কারণে গুরুত্বপূর্ণ নেতারা দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পরছেন না।’

শুধু বদিউজ্জামানই নন, মামলা-হামলা ও গ্রেপ্তারের ভয়ে অনেক নেতা-কর্মী দলীয় প্রার্থীর পক্ষে এজেন্ট হওয়ার সাহস পাচ্ছেন না। এজেন্ট করা হতে পারে এমন কয়েকজন বলেন, বিএনপি প্রার্থীর এজেন্টদের গ্রেপ্তার অথবা নানাভাবে হয়রানি করা হতে পারে, যাতে তাঁরা কেন্দ্রে না যান। এই ভয়ে তাঁরা এজেন্ট হতে সাহস পাচ্ছেন না।

বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা যখন মামলা-হামলা ও গ্রেপ্তারের ভয়ে এলাকাছাড়া, তখন আওয়ামী লীগের প্রার্থী এনামুর রহমান পাড়া-মহল্লা ও অলিগলিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গতকাল রোববার এনামুর রহমান শিমুলিয়া ইউনিয়নের অন্তত ১৪ জায়গায় প্রচারণা চালান। তাঁর সঙ্গে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা ও সাধারণ সম্পাদক আলী হায়দারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ছিলেন।