হঠাৎ ৮ দিনের জন্য স্নাতকের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক শিক্ষা কার্যক্রম আট দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। তবে এ সময় শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ নভেম্বর একটি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা-সমাবেশ, মিছিল, পোস্টার ও ব্যানার লাগানো নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিলেও কিছুসংখ্যক শিক্ষার্থী নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমাবেশসহ অবস্থান কর্মসূচি পালন করছে। এ অবস্থায় ৫ নভেম্বর অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৩ থেকে ১০ নভেম্বর পর্যন্ত স্নাতক শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. মশিউল হক গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা যাতে নির্বিঘ্নে হতে পারে, সে জন্য শিক্ষা কার্যক্রম আট দিনের জন্য স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী মুক্তাদির শাওন প্রতিপক্ষ ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন। এ ঘটনার বিচার দাবি করে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে ক্লাস বর্জনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। শাওনের ওপর হামলার ঘটনায় গত ৩০ অক্টোবর নয়জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু হামলার ঘটনায় অভিযুক্ত কয়েকজন শিক্ষার্থীর নামে কারণ দর্শানোর নোটিশ না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে ছাত্রলীগের একটি অংশ। সাধারণ শিক্ষার্থীদের একটি অংশও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে। তারা মুক্তাদির শাওনের ওপর হামলা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে ১ নভেম্বর থেকে ক্লাস বর্জন কর্মসূচি শুরু করে। কর্মসূচির কারণে স্নাতক পর্যায়ের ক্লাস-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে। এ ছাড়া গতকালও শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান কর্মসূচিসহ বিক্ষোভ সমাবেশ করেন।
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে কম্পিউটার কৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সজল আহমেদ বলেন, ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন আপাতত স্থগিত থাকবে। তবে ক্লাস বর্জন যথারীতি অব্যাহত থাকবে।