হতদরিদ্র নারীদের নামে ঋণ তুলে লোপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় দেড় শতাধিক নারীর নামে ঋণ তুলে বিপুল টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেতকীবাড়ি ও ভোগডাবুড়ী ইউনিয়নের ভুক্তভোগী নারীরা এসব অভিযোগ করেছেন।
সোনালী ব্যাংক, ডোমারের চিলাহাটি শাখা এবং বেসরকারি সংস্থা স্বনির্ভর বাংলাদেশের যৌথ পরিচালনায় ১৯৯৮ সাল থেকে ওই ক্ষুদ্রঋণ কর্মসূচি চলছে।
ভুক্তভোগী নারীরা অভিযোগ করেছেন, স্বনির্ভরের কর্মকর্তা ওমর ফারুক ওরফে কাজলের যোগসাজশে এ প্রতারণা করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন সময় দেড় শতাধিক হতদরিদ্র নারীকে প্রলোভন দেখিয়ে কাগজে সই ও ছবি নিয়ে তাঁদের প্রত্যেকের নামে সোনালী ব্যাংক চিলাহাটি শাখা থেকে ঋণের ২৫-৩৫ হাজার টাকা তোলা হয়েছে। আর তাঁদের হাতে সামান্য কিছু টাকা ধরিয়ে দেওয়া হয়েছে।
কেতকীবাড়ির পাটোয়ারীপাড়া গ্রামের শামসুল হক (৬৫) বলেন, আশেকুর রহমান নামের ব্যাংকের এক দালাল তাঁর গ্রামের হতদরিদ্র নারীদের ব্যাংকে নিয়ে কারও নামে ৩০ হাজার ও কারও নামে ৩৫ হাজার টাকা ঋণ করান। আর তাঁদের প্রত্যেকের হাতে ৮০০ থেকে এক হাজার টাকা তুলে দিয়ে বলেন, এটা ভিক্ষুকঋণ, পরিশোধ করতে হবে না।
ভোগডাবুরী ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামসুন্নাহার বলেন, ‘ওমর ফারুক ও ব্যাংকের জুনিয়র অফিসার আবু ফয়েজ সাহায্যের নামে হতদরিদ্র নারীদের কাছ থেকে ছবি এবং চেকে সই নিয়ে ৮০০ থেকে দেড় হাজার টাকা দিয়েছেন। আমার জানামতে, তিন ওয়ার্ডে ৬০ জনের বেশি নারী প্রতারিত হয়েছেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাংকের ওই শাখায় স্বনির্ভরের পক্ষে একজন ইউনিট ম্যানেজার এবং তিনজন ক্রেডিট ম্যানেজার কাজ করছেন। ব্যাংকের পক্ষে ওই ঋণ তদারক করেন আবু ফয়েজ। স্বনির্ভরের কর্মীরা ঋণপ্রস্তাব তৈরি করার পর চূড়ান্ত অনুমোদন দেন ব্যাংকের ব্যবস্থাপক।
স্বনির্ভর বাংলাদেশের ইউনিট ম্যানেজার ববি বেগম বলেন, ‘হাতে টাকা পায়নি এমন অভিযোগ আমার কাছে কেউ করেনি।’
আবু ফয়েজ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঋণগ্রহীতারা ব্যাংকে উপস্থিত হয়ে ঋণ গ্রহণ করেছেন।’
স্বনির্ভর বাংলাদেশের ক্রেডিট ম্যানেজার হিসেবে কাজ করছেন মোকাররম হোসেন, ওমর ফারুক ও মারুফ হোসেন। দালাল হিসেবে কাজ করেন আশিকুর ও সাবুল। কথা বলার জন্য তাঁদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।