হতদরিদ্র মানুষটিকে পুড়িয়ে মারার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট পৌরসভার উত্তর খনজনপুর এলাকায় হতদরিদ্র এক ব্যক্তির শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
জানা গেছে, উত্তর খনজনপুর এলাকার সুনীল চন্দ্র মণ্ডল (৫৭) গত শনিবার রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ধরে শরীরে কেরোসিন বা পেট্রল-জাতীয় তরল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। তাঁর আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে তাঁকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ফিরোজ হোসেন সরকার জানান, সুনীল চন্দ্রের শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়েছে; অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি আবদুর রশিদ সরকার জানান, এ রকম হতদরিদ্র, অসহায় মানুষকে কেন পুড়িয়ে মারার চেষ্টা করা হলো, তা তাঁরা এখনো উদ্ধার করতে পারেননি।