হতদরিদ্র ৭০ শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ
বরিশালে হতদরিদ্র পরিবারের সন্তান ও খোলা আকাশের নিচে ক্লাস করা একটি বিদ্যালয়ের ৭০ শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো বন্ধুসভা বরিশালের সদস্যরা শিক্ষার্থীদের হাতে এসব কম্বল তুলে দেন।
গতকাল শনিবার দুপুর ১২টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ঘূর্ণিঝড় সিডর ও আইলায় বিধ্বস্ত ৯৭ নম্বর গোমা-মঙ্গলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কম্বল দেওয়া হয়। এর আগে বন্ধুসভার বন্ধুরা খুদে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি ডা. মোফাজ্জেল হোসেন, প্রধান শিক্ষক মো. আহাদুল ইসলাম খান, শিক্ষক শিউলী বেগম, সমাজকর্মী এ বি এম গোলাম হোসেন তালুকদার প্রমুখ।
প্রসঙ্গত, বরিশাল জেলা সদর থেকে বেশ দূরে ও বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় হওয়ায় বিদ্যালয়টি অনেক বছর ধরেই অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। প্রলয়ঙ্করী সিডর ও আইলায় দুবার এই বিদ্যালয় বিধ্বস্ত হয়। বিদ্যালয়টিতে নেই কোনো ভবন বা আসবাবপত্র। বর্ষায় গাদাগাদি করে একটি কক্ষের ভেতর কোনো রকমে চলে পাঠদান কার্যক্রম। আর শুকনা মৌসুমে চলে একেবারে খোলা আকাশের নিচে। বিভিন্ন মহল থেকে বিদ্যালয়টির জন্য ভবন নির্মাণের আশ্বাস এলেও গত পাঁচ বছরে এর কোনো বাস্তবায়ন হয়নি। আদৌ এ আশ্বাসের বাস্তব দেখা মিলবে কি না, সে বিষয়েও কেউ কিছু বলতে পারছেন না।