হতদরিদ্রদের গৃহকরের আওতামুক্ত রাখার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের হতদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীকে হোল্ডিং ট্যাক্সের (গৃহকর) আওতামুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিধবা ও অসচ্ছল ব্যক্তিদের গৃহকর সর্বনিম্ন পর্যায়ে রাখা হবে। গতকাল রোববার দুপুরে আন্দরকিল্লায় নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত ১৮তম সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নীতিমালাও পাস করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এতে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরবাসীর ওপর গৃহকর আরোপের বিষয়ে কোনো অনিয়ম করা হবে না। বর্তমানে গৃহকর পুনর্মূল্যায়নের কাজ চলমান রয়েছে। তা শেষ হলে গৃহকর ধার্যের বিষয়টি নগরবাসীকে অবহিত করা হবে। এরপর ধার্য করা গৃহকর নিয়ে আপত্তি উত্থাপনের সুযোগ রয়েছে।
কাউন্সিলর নাজমুল হক বলেন, রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা থেকে সিটি করপোরেশন অনেক পিছিয়ে রয়েছে। তাই সামর্থ্য থাকার পরও যাঁরা ফাঁকি দিচ্ছেন, তাঁদের কাছ থেকে গৃহকর আদায় করা হবে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রণীত চূড়ান্ত নীতিমালায় শিক্ষক-কর্মচারীদের নিয়োগ, নিয়মনীতি, পদোন্নতি, দায়িত্ব, কর্তব্য, বেতন-ভাতা, স্থায়ী ও নিয়মিতকরণসহ ২৬টি অনুচ্ছেদ রয়েছে। পরে সংবাদ সম্মেলন করে নীতিমালার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান করপোরেশনের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক।