হতদরিদ্রদের জন্য ১০ টাকায় চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ১০ টাকায় চাল দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। একটি হতদরিদ্র পরিবার প্রতি মাসে ৩০ কেজি চাল পাবে। ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন করবেন। আজ রোববার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এই কর্মসূচির কথা জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

চলতি বোরো মৌসুমে সাত লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানিয়ে কামরুল ইসলাম বলেন, পাশাপাশি আট লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রায় অনেক দূর এগিয়েছে। তিনি বলেন, ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন। কুড়িগ্রামের চিলমারীতে তিনি হতদরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার জন্য এটি উদ্বোধন করবেন। তিনি বলেন, এখন থেকে টিআর ও কাবিখা কর্মসূচি আর থাকছে না।

এ ব্যাপারে জানতে চাইলে কুড়িগ্রামের জেলা খাদ্য কর্মকর্তা আবদুল কাদের প্রথম আলোকে জানান, জেলার মোট ১ লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার খাদ্যবান্ধব কার্ডের মাধ্যমে এ সুফল পাবে। ইতিমধ্যে চিলমারী উপজেলার ছয়টি ইউনিয়নে ৮ হাজার ২১টি হতদরিদ্র পরিবারকে এ কার্ড দেওয়া হয়েছে। তা ছাড়া কুড়িগ্রাম সদর উপজেলায় ১৭ হাজার ৭২২ জন, নাগেশ্বরীতে ২৪ হাজার ২০, ভূরুঙ্গামারীতে ১৩ হাজার ৯৮৫, ফুলবাড়ী ৯ হাজার ২৯৮, রাজারহাটে ১০ হাজার ৬০২, উলিপুরে ২৪ হাজার ২০, রৌমারীতে ১২ হাজার ৬৮৫ ও রাজীবপুরে ৪ হাজার ৭৩৮ জন ওই কার্ড পাবেন। অন্যান্য উপজেলায়ও কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে।

আবদুল কাদের আরও জানান, ইতিমধ্যে চাল বিক্রির জন্য উপকারভোগীর তালিকা, কার্ড প্রদান, ডিলার নিয়োগ, দোকানঘর ও সাইনবোর্ড লাগানোর প্রক্রিয়া চলছে। জেলায় ১২৬ জন ডিলার নিযুক্ত করা হয়েছে। এসব পল্লি রেশন ডিলারের মাধ্যমে কার্ডধারী ব্যক্তিদের মধ্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে। দেশের ৬৪ জেলার ৫০ লাখ দরিদ্র মানুষ বছরে পাঁচ মাসের জন্য এ কর্মসূচির সুফল পাবেন।

কামরুল ইসলাম বলেন, কর্মসূচির আওতাভুক্ত ৫০ লাখ হতদরিদ্র পরিবার প্রতি মাসে ৩০ কেজি চাল ১০ টাকা কেজি দরে পাবে। এ সহযোগিতা পাওয়া যাবে বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে। খাদ্যমন্ত্রী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি আছে। সেখানে জনপ্রতিনিধিরাও রয়েছেন। তাঁরাই হতদরিদ্র পরিবারের সংখ্যা ঠিক করে তাদের কার্ড দেবেন। নীতিমালা অনুযায়ী তাদের চাল দেওয়া হবে।