হতাশ কর্মকর্তাদের শান্ত রাখতে শিগগিরই পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরির বয়স বৃদ্ধির কারণে প্রশাসনে যাতে অসন্তোষজনিত নেতিবাচক প্রভাব না পড়ে, সে জন্য শিগগিরই অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে। পর্যায়ক্রমে পদোন্নতি দেওয়া হবে অন্যান্য স্তরেও। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে এ কথা জানিয়েছে।সরকারি চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানোর সাম্প্রতিক সিদ্ধান্তে বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীই খুশি। তবে কিছু কর্মকর্তা, বিশেষ করে, পদোন্নতির দোরগোড়ায় থাকা মধ্যম শ্রেণীর কর্মকর্তারা কিছুটা হতাশ। এ পর্যায়ের কর্মকর্তাদের সংখ্যাটি অবশ্য খুব বড় নয়।এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, ‘হয়তো সাময়িকভাবে সচিব পর্যায়ের কিছু পদে পদোন্নতি পেতে একটু দেরি হতে পারে। কিন্তু পদোন্নতির যোগ্য কর্মকর্তারা যখন পদোন্নতি পাবেন, তখন এখন সচিব হলে যে সময় থাকতে পারতেন, পরেও সেই সময় থাকতে পারবেন।’জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পদোন্নতির জন্য পর্যাপ্ত পদ না থাকায় নতুন পদ সৃষ্টির পথ খোঁজা হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছরে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট আইনের সংশোধনী প্রস্তাব ১৯ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। গত সোমবার রাষ্ট্রপতি এ-সংক্রান্ত অধ্যাদেশে সই করেছেন। সরকারি চাকরির বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে কয়েক দিন ধরে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সরব আলোচনা চলছে। বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে আলাপকালে এর পক্ষে-বিপক্ষে উভয় রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে সাধারণভাবে প্রায় সব কর্মকর্তা-কর্মচারীই খুশি। সচিব, অতিরিক্ত সচিবসহ উচ্চপর্যায়ের যারা শিগগিরই অবসরে যেতেন, তাঁরা বেশি খুশি।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, ৩০ জনের মতো সচিব, ৭০ জনেরও বেশি অতিরিক্ত সচিব, পৌনে ২০০ জনের মতো যুগ্ম সচিবসহ জনপ্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তার আগামী দুই বছরের মধ্যে অবসরে যাওয়ার কথা ছিল। অন্যদিকে খুব শিগগির যাঁদের পদোন্নতি হওয়ার কথা ছিল, তাঁরা কিছুটা উদ্বেগে আছেন। তাঁরা ভাবছেন, পদোন্নতি পিছিয়ে যাবে। এঁদের মধ্যে একটি বড় অংশ ১৯৮৪ ও ৮৫ ব্যাচের কর্মকর্তা। জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ‘বয়স বৃদ্ধির সিদ্ধান্তে এক পক্ষের উপকার হবে, আরেক পক্ষের অপকার হবে।’