হতাশ চাষিরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় পাট চাষ করে বিপাকে পড়েছেন চাষিরা। পাট পচাতে পানির অভাব এবং পাটের দাম কম থাকায় চাষিরা এখন দিশেহারা। এ অবস্থায় হতাশ অনেক চাষি আগামী মৌসুমে পাট চাষ না করতে মনস্থির করেছেন।উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ৫২০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ৪৫ মণ। ২০০৯ সালে প্রতি মণ পাটের দাম প্রায় তিন হাজার টাকা পর্যন্ত ওঠায় পরবর্তী বছর প্রায় দ্বিগুণ জমিতে পাট চাষ হয়। ২০১০ সালেও পাটের দাম প্রায় একই রকম থাকায় ২০১১ সালে পাট চাষ আরও বেড়ে যায়। কিন্তু ২০১১ সালে পাটের দাম তার আগের বছরের চেয়ে অর্ধেকে নেমে আসে।চলতি মৌসুমে নিম্নমানের পাট প্রতি মণ ৯০০-১০০০ টাকা এবং ভালো মানের পাট ১২০০-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর ও চলতি মৌসুমে ফলনও কম হয়েছে। উপজেলার জয়পুর ইউনিয়নের নারানদিয়া গ্রামের পাটচাষি বাবুল মল্লিক পাঁচ একর জমিতে পাট চাষ করেছেন। তিনি বলেন, ‘পাট আবাদে মণপ্রতি ১১০০-১২০০ টাকা খরচ হচ্ছে। অথচ নিম্নমানের পাট ৯০০-১০০০ টাকা এবং ভালো মানের পাট ১২০০-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। পানির অভাবে খেতে পাট শুকিয়ে যাওয়ায় এবং পচা পানিতে পাট জাগ দেওয়ায় পাট নিম্নমানের হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘পাট জাগ দিতে ডোবা-নালায় লাইন দিতে হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিরা জায়গা দখল করে পাট জাগ দিচ্ছেন। কিন্তু পানির অভাবে নিরীহ মানুষ পাট জাগ দিতে ভোগান্তির শিকার হচ্ছে। এ অবস্থায় সামনের মৌসুমে পাট চাষ ছেড়ে দিতে হবে।’স্থানীয় অনেক পাটচাষি জানান, মধুমতি নদীর সঙ্গে পৌর এলাকার কন্যাদাহ ও ছাতরার খালের সংযোগ রয়েছে। প্রভাবশালীরা বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ায় নড়াইলের অন্যতম বড় ইছামতী বিলের সঙ্গে মধুমতির পানির প্রবাহ বন্ধ হয়ে আছে। ফলে ইছামতীতে পানি কমে যাওয়ায় অন্যান্য খালেও পানিপ্রবাহ নেই। এ কারণে উপজেলায় পাট জাগ দেওয়ার পানির সংকট আরও বেড়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর বলেন, ‘ইছামতী বিলে মধুমতি নদীর বন্যার পানি ঢুকানো গেলে এ উপজেলায় পাট জাগের সমস্যা দূর হতো।’ তিনি আরও বলেন, ‘পাট চাষে এখনো সনাতন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আধুনিক পদ্ধতিতে চাষ করা হলে হেক্টরপ্রতি পাটের উৎপাদন বাড়ত। এখন পাটের ফলন কম হওয়ায় উৎপাদন খরচ বেশি হচ্ছে। ‘রিবন রেটিং’ পদ্ধতি ব্যবহার করলে পাটে জাগ দেওয়ার সমস্যা অনেকটা দূর হতো। নতুন পদ্ধতি ও প্রযুক্তির প্রতি চাষিদের অনীহা থাকায় সমস্যাগুলো এড়ানো কঠিন হচ্ছে।’