একাত্তরের নভেম্বর থেকে পিছু হটতে থাকে পাকিস্তানি সেনারা। এর মধ্যে বেশ কয়েকটি আত্মসমর্পণের ঘটনা ঘটে। আজ পড়ুন খুলনার কাহিনি
মিত্রবাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাদের অন্যতম বড় যুদ্ধটি হয়েছে খুলনা শহরের শিরোমণি এলাকায়। ছয় দিন ধরে চলা এ যুদ্ধে মিত্রবাহিনীর ২৬টি যান ধ্বংস হয়। দুই পক্ষের সৈন্যরা বেয়নেট চার্জ ও হাতাহাতি পর্যন্ত করে। তবে শেষ পর্যন্ত পরাজয় মানতে হয় পাকিস্তানি বাহিনীকে।
মিত্রবাহিনীর বিমান হামলার মুখে ১৭ ডিসেম্বর ৩ হাজার ৭০০ সেনা নিয়ে আত্মসমর্পণে বাধ্য হয় তারা। সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে হতাশ পাকিস্তানি সৈন্যরা তাদেরই ঊর্ধ্বতন অফিসারদের মারধর করে।
শিরোমণির যুদ্ধে মিত্রবাহিনীর সঙ্গে ছিলেন খুলনার মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান। প্রথম আলোকে তিনি বলেন, একাত্তরের নভেম্বরে তাঁরা সাতক্ষীরার কলারোয়ায় নিয়মিত গেরিলা হামলা চালাতেন। ডিসেম্বরের শুরুতে মিত্রবাহিনী যশোরের বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তখন একটি বাহিনী কলারোয়া থেকে তাদের চারজনকে সঙ্গে নেয় পথ দেখানোর জন্য। ৭ ডিসেম্বর যশোর সেনানিবাস ছেড়ে খুলনায় চলে আসে পাকিস্তানি বাহিনী। আশপাশের আরও কিছু এলাকা থেকে এসে যশোর-খুলনা মহাসড়কের পাশে শিরোমণি এলাকায় শক্তিশালী ঘাঁটি গড়ে তোলে তারা।
যশোর মুক্ত করে মিত্রবাহিনী খুলনার দিকে অগ্রসর হতে থাকে। মুক্তিযোদ্ধা রেজওয়ান জানান, ১০ ডিসেম্বর শিরোমণির অদূরে ফুলতলার ১৪ মাইল এলাকায় ঘাঁটি স্থাপন করে রাজপুত ব্যাটালিয়ন। ওই রাতে দুই বাহিনীর মধ্যে গোলাগুলি হলেও প্রবল যুদ্ধ শুরু হয় ১১ ডিসেম্বর সকাল থেকে। সম্মুখযুদ্ধের পাশাপাশি বিমান হামলা চালায় মিত্রবাহিনী।
১৩ ডিসেম্বর বিকেল পর্যন্ত চলে লড়াই। বিকেলের পর সারা রাত শিরোমণি থেকে পাকিস্তানি বাহিনীর গোলাগুলির আওয়াজ না পেয়ে তারা ঘাঁটি ছেড়ে পালিয়েছে বলে ধরে নেয় মিত্রবাহিনী। ১৪ ডিসেম্বর সকালে স্থানীয় মুক্তিযোদ্ধাদের না জানিয়ে খুলনার উদ্দেশে বেরিয়ে পড়েন মেজর জ্ঞানি ও মেজর মাহেন্দ্র সিং। তাঁদের সঙ্গে রাজপুত ব্যাটালিয়নের ২৮টি গাড়িতে ৩৫০ জনের মতো সৈন্য ছিল। কনভয়টি শিরোমণি এলাকায় এলে মাটির নিচে লুকিয়ে থাকা পাকিস্তানি বাহিনীর ট্যাংক হামলায় ২৬টি গাড়ি ধ্বংস হয়ে যায়। মেজর জ্ঞানিসহ প্রায় ২৫০ জন মিত্র সেনা নিহত হন। দুটি গাড়িতে করে প্রাণ নিয়ে ফুলতলা ঘাঁটিতে ফিরে যান মাহেন্দ্র সিং।
স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধা রেজওয়ান বলেন, ওই ঘটনার পর ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের কমান্ডার মেজর এম আবুল মঞ্জুর ও মিত্র বাহিনীর রাজপুত ব্যাটালিয়নের প্রধান মেজর দলবীর সিংয়ের নেতৃত্বে শিরোমণি এলাকাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। তারপর শুরু হয় আক্রমণ। পাশাপাশি বিমান হামলাও চলে।
সি এম তারেক রেজার একাত্তর: বিজয়ের সেই ক্ষণ বইতে লেখা হয়েছে, ‘শিরোমণি শিল্প এলাকায় পাকিস্তানি সেনারা প্রতি ১৫-২০ গজ অন্তর বাঙ্কার তৈরি করে এবং জনসাধারণের সমস্ত পাকা বাসাবাড়ি দখল করে নেয়।...মিত্রবাহিনীর বোমাবর্ষণে শিরোমণি অঞ্চল ক্ষতবিক্ষত হয়ে যায়। পাকিস্তানি সেনাদের অনেকে হতাহত হয়। বহু ট্যাংক, জিপ ও গোলাবারুদের স্তূপ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পাকিস্তানি সেনারা অত্যন্ত কাবু হয়ে পড়ে। এখানে প্রচণ্ড যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী ও মিত্রবাহিনীর মধ্যে বেয়নেট যুদ্ধ ও হাতাহাতি যুদ্ধ সংঘটিত হয়।’
হামলায় দিশেহারা পাকিস্তানিরা ১৭ ডিসেম্বর সকালে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের সংকেত দেয়।
আত্মসমর্পণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুক্তিযোদ্ধা রেজওয়ান বলেন, ‘আত্মসমর্পণের সময় পাকিস্তানি সেনাদের ব্যাজ খুলে নিতে নির্দেশ দেওয়া হয়। এ সময় হতাশাগ্রস্ত সেনারা তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মারধরও করেন। শিরোমণি বাজারের বিভিন্ন জায়গায় পাকিস্তানি বাহিনীর ধ্বংসপ্রাপ্ত পাঁচটি ট্যাংক দেখা যায়। রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, মৃতদেহ। দুপুরের দিকে পাকিস্তানি বাহিনীর নেতৃত্ব দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল হায়াত মাহমুদ তাঁর ৩ হাজার ৭০০ সেনা নিয়ে আত্মসমর্পণ করেন।’
১৭ ডিসেম্বর দুপুর থেকেই মানুষ রাস্তায় নেমে আসে। চারদিক থেকে ‘জয়বাংলা’ স্লোগানে মুখরিত হতে থাকে খুলনা শহরসহ আশপাশের এলাকা। বিজয়ের আনন্দে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের জড়িয়ে ধরেন।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন খুলনা প্রতিনিধি শেখ আল-এহসান)