হতাশ সন্তু লারমা, আশাবাদী হতে বললেন গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গওহর রিজভী, সন্তু লারমা
গওহর রিজভী, সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার যা বলছে, তা সুনির্দিষ্ট ও সুস্পষ্ট নয়। এতে পার্বত্যবাসী আশাবাদী হতে পারছে না।
অন্যদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার বিষয়ে একমত প্রকাশ করে বলেন, এখানে নিরাশ হওয়ার সুযোগ নেই। চুক্তির যা বাস্তবায়ন হয়নি, তা কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে আলাপ-আলোচনা করা হবে।
গতকাল রোববার ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ হলে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮ বছর: স্থানীয় জনগণের অধিকার ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশন আলোচনা সভার আয়োজন করে।
মূল প্রবন্ধে মঙ্গল কুমার চাকমা বলেন, শান্তি চুক্তির প্রধান ধারাগুলো অবাস্তবায়িত রয়েছে। তা ছাড়া চুক্তির কী বাস্তবায়ন করা হয়েছে, তা চুক্তি বাস্তবায়ন কমিটির মাধ্যমে নির্ধারণ করা দরকার।
আলোচনা সভায় সন্তু লারমা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতি, সেনাবাহিনী ও বাংলাদেশ সরকারের অধীনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বহুবিধ শাসনব্যবস্থা বিদ্যমান। তবে এককথায় সেখানে যা চলছে, তা অরাজকতা। সেখানে মানুষের নিরাপত্তা নেই।
গওহর রিজভী বলেন, ‘আমরা সবাই এক বাংলাদেশের নাগরিক। এখানে এক আইন ও এক প্রশাসন। পার্বত্য চট্টগ্রামের কোনো থানা মামলা নিতে না চাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানাবেন।’ তিনি বলেন, পার্বত্য এলাকায় মাদ্রাসা কারা করছে, কারা অর্থায়ন করছে, সরকার না অন্য কেউ, তা দেখতে হবে। সরকার যেখানে প্রয়োজন মাদ্রাসা করে, অর্থায়ন করে। অপ্রয়োজনে করে না। তিনি বলেন, ‘চুক্তি বাস্তবায়নে সময়সীমা নির্ধারণ করার বিষয়ে দ্বিমত নেই। এ বিষয়ে আলাপ-আলোচনা করব। এ চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। তিনি এটা বাস্তবায়ন করবেন।’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, চুক্তি করে বাস্তবায়ন না করা সভ্যতা নয়। এটা বেদনার, লজ্জার। শান্তি চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া সবার কাছে দৃশ্যমান হতে হবে। পার্বত্য এলাকাকে সামরিকীকরণের প্রক্রিয়া বন্ধ করতে হবে। আগামী ২ ডিসেম্বর রাঙামাটিতে জনসংহতি সমিতির সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণার বিষয়টি উল্লেখ করে তিনি সন্তু লারমার কাছে তিন মাস সময় চান।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘পার্বত্য এলাকায় যত উন্নয়নমূলক কাজ করা হোক না কেন, তা কাজে দেবে না, যতক্ষণ না পর্যন্ত তারা মনে করে আমরা স্বাধীন।’
চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায় অভিযোগ করে বলেন, পার্বত্য এলাকায় ভূমি কমিশন হয়নি। ভারত প্রত্যাগত শরণার্থীদের সবাই পুনর্বাসিত হয়নি। চুক্তির প্রধান বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, পার্বত্য এলাকায় বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। কিন্তু সেখানকার কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই। পর্যটন শিল্প করা হচ্ছে, অথচ মালিক হচ্ছে বাঙালিরা আর সেবা দিচ্ছে পাহাড়িরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পল্লব চাকমা। পরিচালনা করেন সঞ্জীব দ্রং।